‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’ নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হকের জীবন ও কর্মকাণ্ড নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ নিল বলিউড। আগামী এপ্রিল মাসে প্রযোজকের সঙ্গে চূড়ান্ত আলোচনা করতে মুম্বই যাওয়ার পরিকল্পনা করেছেন করিমুল হক নিজেই। বৃহস্পতিবার নাগরাকাটার বন্ধ হিলা চা বাগানের শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিতে এসে এ কথা জানান তিনি।
করিমুল জানান, বলিউডে সিনেমা তৈরির বিষয়ে ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা হয়েছে। তবে প্রযোজক বা সম্ভাব্য অভিনেতার নাম এখনই প্রকাশ করতে চাননি তিনি। ইঙ্গিত দিয়েছেন, তাঁর চরিত্রে অভিনয় করতে পারেন বলিউডের কোনো নামী অভিনেতা। করিমুলের কথায়, “হিন্দিতে যে ছবিটি হবে, সেটার নামও রাখা হচ্ছে ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’। এপ্রিল মাসে মুম্বই গিয়ে সবকিছু চূড়ান্ত করা হবে।”
এদিকে বাংলাতেও তাঁর জীবনের ওপর ভিত্তি করে একটি সিনেমা তৈরি হচ্ছে। অভিনেতা দেবের প্রযোজনায় তৈরি হওয়া এই ছবির শুটিং সম্প্রতি ডুয়ার্সের ক্রান্তি-সহ বিভিন্ন এলাকায় হয়েছে। করিমুল জানিয়েছেন, হিন্দি ছবির শুটিং শুরু হলে সেটিও ডুয়ার্সেই হওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলা বায়োপিকের ডুয়ার্স অংশের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে কলকাতা ও তার আশপাশের এলাকায় ছবির কিছু দৃশ্য ধারণ করা হচ্ছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৫ অগাস্ট সিনেমাটি মুক্তি পাবে।
তবে নিজের জীবন নিয়ে সিনেমা তৈরির আলোচনা নিয়ে খুব একটা উচ্ছ্বসিত নন করিমুল। তাঁর কথায়, “বায়োপিক বায়োপিকের জায়গায়। আমার লক্ষ্য নিজের কাজের ওপর মনোযোগ দেওয়া। এখনও অনেক সমাজকল্যাণমূলক কাজ বাকি।”
করিমুল হকের বায়োপিক এবার বলিউডেও!
