গুরুপূর্ণিমায় সন্তান এল করিশ্মা তন্না ও বরুণ বঙ্গেরার কোলে, পুত্র হল না কি কন্যা?

মা হলেন অভিনেত্রী করিশ্মা তন্না। পুত্রসন্তানের জন্ম দিলেন তিনি। ২৯ জুলাই গুরুপূর্ণিমায় জন্ম হয়েছে সন্তানের, এই ভাবেই সমাজমাধ্যমে সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেত্রী ও তাঁর স্বামী বরুণ বঙ্গেরা।

সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে করিশ্মা লেখেন, “গুরুপূর্ণিমার পবিত্র দিনে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই, ২০২৬। আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগত জানাই ছোট্ট সোনা।”

এই ঘোষণা প্রকাশ্যে আসতেই অনুরাগী থেকে শুরু করে বলিউডের একাধিক তারকা শুভেচ্ছা জানাতে শুরু করেন। সোনু সুদ, খুশি কপূর, জৈস্মীন ভসীন, মহীপ কপূর, অনিতা হাসনন্দানী, আমির আলি, নেহা ধুপিয়া, স্মৃতি ইরানি, অঞ্জলি আনন্দ, সোনাল চৌহান, অনুষ্কা রঞ্জন, ওয়ামিকা গব্বী-সহ অনেকেই নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।

চলতি বছরের ৬ এপ্রিল নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন করিশ্মা। সেই সময় থেকেই মাতৃত্বের বিভিন্ন মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছিলেন তিনি।

কিছু দিন আগেই আরও এক মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন করিশ্মা। অন্তঃসত্ত্বা থাকাকালীন নানা রকম খাওয়ার ইচ্ছা হয় বহু মহিলারই। সেটা মনে রেখেই করিশ্মা তন্নার অন্তঃসত্ত্বাকালটিকে আরও বিশেষ করে তুলেছিলেন নীতা অম্বানী। করিশ্মা তাঁর ইনস্টাগ্রামে একগুচ্ছ কেসর আমের ছবি ভাগ করে নিয়েছিলেন। জামনগরের বাগান থেকে নাকি এসেছিল এক বাক্স টাটকা আম। তার সঙ্গে ছিল নীতা অম্বানীর হাতে লেখা একটি ছোট বার্তা। তিনি লেখেন, “গ্রীষ্মের মিষ্টি কেসর আমের স্বাদ উপভোগ করুন। আশা করি, আপনার ভাল লাগবে।”

২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বইয়ে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন করিশ্মা তন্না এবং ব্যবসায়ী বরুণ বঙ্গেরা। গত এপ্রিলে মাতৃত্বকালীন ফোটোশুটের মাধ্যমে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন করিশ্মা। সেই সময়ে তাঁরা লেখেন, “একটি ছোট্ট অলৌকিক উপহার। এটিই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।”

By Paromita