মান্না দে-র কালজয়ী গান ‘কফি হাউস’-এর আড্ডা এবার বড় পর্দায়, প্রকাশিত হলো নতুন ছবির চরিত্রদের প্রথম লুক

বাঙালির নস্ট্যালজিয়ার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকা মান্না দে-র বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা এবার রূপ নিচ্ছে সিনেমায়। দীর্ঘদিন ধরে প্রজন্মের পর প্রজন্ম এই গানকে স্মৃতির ভাণ্ডার হিসেবে আগলে রেখেছে। সেই আবেগকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে নতুন বাংলা ছবি, যেখানে দর্শকরা দেখতে পাবেন গানের ছয় বন্ধুর অজানা গল্প।

গানে উল্লেখিত চরিত্র—সুজাতা, রমা, নিখিলেশ, ডি’সুজ়া, অমল ও মইদুল—এবার সিনেমার পর্দায় জীবন্ত হয়ে উঠবে। গানের মাধ্যমে শ্রোতারা তাঁদের জীবনের কিছু টুকরো গল্প জানলেও, সিনেমায় উন্মোচিত হবে তাঁদের অজানা অধ্যায়। কে কার প্রেমে পড়েছিলেন, কেন রমা রায় শেষ জীবনে মানসিক রোগে আক্রান্ত হয়েছিলেন, কিংবা সংসার জীবনে সুখী সুজাতার শেষ দিনগুলো কেমন ছিল—এসব প্রশ্নের উত্তর মিলবে ছবিতে।

সম্প্রতি ছবির চরিত্রদের প্রথম লুক প্রকাশিত হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়, দোলন রায়, সুব্রত দত্ত, অনুষা বিশ্বনাথন, সৌম্য মুখোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় ও প্রিয়াঙ্কা ভট্টাচার্যসহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখ এই ছবিতে অভিনয় করছেন। তাঁদের নতুন সাজে প্রকাশিত লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

সিনেমাটি পরিচালনা করছেন জেনি সরকার ও দীপায়ন মণ্ডল। প্রযোজনা করছে সুয়ান সিলভার স্ক্রিন। আগামী ৭ অক্টোবর থেকে উত্তরবঙ্গ ও কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

মান্না দে-র গান আজও বাঙালির কাছে অমলিন। ১৩ থেকে ৮৩—সব বয়সের মানুষ এই গানের সঙ্গে নিজেদের স্মৃতি খুঁজে পান। সেই আবেগকে সিনেমার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন নির্মাতারা।

By Mithun Roy