বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন অভিনেত্রী নুসরত ভরুচা। সেই দুর্ঘটনায় মেরুদণ্ডে চিড় ধরেছিল তাঁর। অস্ত্রোপচারের জন্য তাঁকে মুম্বইয়ে ফিরিয়ে আনা হয়। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেত্রী। অস্ত্রোপচার সফল হয়েছে বলে জানিয়েছেন নুসরতের সহযোগী দলের সদস্যেরা। আপাতত বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন নুসরত। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
নুসরতের সহযোগী দলের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “দুর্ঘটনার পরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে নুসরতকে। তবে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার সফল হয়েছে। অস্ত্রোপচার ভাল ভাবে সম্পন্ন হয়েছে এবং তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই খবর আপনাদের জানাতে পেরে আমরা স্বস্তি পেয়েছি।”
বাড়ি ফিরে আপাতত পরিবার পরিজনের সঙ্গেই সময় কাটাচ্ছেন অভিনেত্রী। চিকিৎসকদের পরামর্শ মেনে শুরু হয়েছে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়া। নুসরতের শারীরিক অবস্থার উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে বলে জানিয়েছে তাঁর সহযোগী দল।
