আইএসএল জয়ের পর সোশাল মিডিয়ায় বড় ঘোষণা অস্কারের

আইএসএল শিরোপা জয় তাঁর হাত ধরেই। ২২ বছর পর ভারতসেরা হয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু জয়ের রেশ কাটতে না কাটতেই লাল-হলুদ ভক্তদের বিদায়বার্তা জানালেন কোচ অস্কার ব্রুজো।

৩১মে চুক্তি শেষ হওয়ার পর নতুন কোনো চুক্তি হয়নি তাঁর সঙ্গে। ইস্টবেঙ্গলের অভিযান শেষ হওয়ার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন, মরশুম শেষ হলেই দায়িত্ব ছাড়বেন। আইএসএল জয়ের পর ক্লাবের সঙ্গে চুক্তি বৃদ্ধির আলোচনা চললেও শেষপর্যন্ত আলাদা পথই বেছে নিলেন স্প্যানিশ কোচ।

বিদায়বার্তায় সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশ্যে খোলা চিঠিতে ব্রুজো লেখেন, সমর্থকরাই ইস্টবেঙ্গলের প্রাণ এবং এই মরশুম তাঁর জীবনের স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আইএসএল জয়কে তিনি ‘ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করেন।

তবে ইস্টবেঙ্গল ও বিনিয়োগকারী সংস্থা ইমামির মধ্যে চুক্তি নবীকরণে এখনও চূড়ান্ত সিলমোহর পড়েনি। ফলে অস্কার ইচ্ছা থাকলেও বর্তমানে ইস্টবেঙ্গলে থেকে যেতে পারছেন না। তবে এর মানে এই নয় যে ভবিষ্যতে তাঁকে লাল-হলুদের ডাগআউটে আর দেখা যাবে না। ভারতীয় ফুটবলের কাঠামো এবং ইমামির সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তির বিষয়টি পরিষ্কার হলে অস্কারের ফেরার সম্ভাবনা আবারও তৈরি হতে পারে।

By Durgasree Mitra