পরিণীতির অন্তঃসত্ত্বা অবস্থায় ‘শক’ সিরিজ়ের শুটিং, নীরেরও ‘ডেবিউ’

পরিণীতি চোপড়ার আসন্ন সিরিজ় ‘শক: ট্রাস্ট নো ওয়ান’-এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর জীবনের এক বিশেষ স্মৃতি। বৃহস্পতিবার মুম্বইয়ে সিরিজ়ের ঝলক প্রকাশ অনুষ্ঠানে অভিনেত্রী জানান, শুটিং শুরু হওয়ার পরেই তিনি জানতে পারেন, অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই পরিণীতি মনে করেন, এই সিরিজ়ে তাঁর পুত্র নীরেরও অভিনয়ে হাতেখড়ি হয়ে গিয়েছে।

শিমলায় কঠিন পরিস্থিতির মধ্যে সিরিজ়ের শুটিং হয়েছিল। সেই সময়ে নির্মাতারা কী ভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন, সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন পরিণীতি। অভিনেত্রী জানান, শুটিং শুরু হয়ে যাওয়ার পরে জানতে পারেন, তিনি অন্তঃসত্ত্বা। শিমলায় তখন প্রতিকূল পরিস্থিতিতে শুটিং চলছিল। তাই বিষয়টি দ্রুত নির্মাতাদের জানানো প্রয়োজন বলে মনে করেছিলেন তিনি।

কিন্তু নির্মাতাদের সবটা বলার আগেই তাঁরা নাকি বিষয়টি বুঝে গিয়েছিলেন। পরিণীতির কথায়, “আমি কথাটা শেষ করার আগেই ওঁরা বলেছিলেন, আমরা তো আগে থেকেই জানি। শুধু তুমি চিন্তা কোরো না।”অভিনেত্রী জানান, তাঁর সুবিধার কথা মাথায় রেখেই বেশ কিছু লড়াইয়ের দৃশ্যেও পরিবর্তন করা হয়েছিল। তবে তাতে গল্প বা সৃজনশীলতার সঙ্গে কোনও আপস করা হয়নি। পরিণীতির কথায়, “ওঁরা আমার সঙ্গে একটা শিশুর মতোই আচরণ করেছিলেন। আমি যাতে স্বচ্ছন্দে কাজ করতে পারেন, তার জন্য লড়াইয়ের দৃশ্যগুলিতে সামান্য কিছু বদল করা হয়েছিল। কিন্তু সৃজনশীলতার কোনও ক্ষতি হয়নি।”

শুটিংয়ের কিছু জায়গা ছিল বেশ দুর্গম। ফলে বার বার যাতায়াত না করে যাতে সেটের কাছেই থাকতে পারেন, সেই ব্যবস্থাও করে দেওয়া হয়েছিল পরিণীতির জন্য। নির্মাতাদের এই সহযোগিতার জন্য শুটিং চলাকালীন এক দিনের জন্যও কাজে অসুবিধা হচ্ছে বলে মনে হয়নি পরিণীতির। তাঁর জন্য অতিরিক্তি ব্যতিব্যস্ত হতে হচ্ছে নির্মাতাদের, এমনও মনে করানো হয়নি তাঁকে, জানান পরিণীতি।

অভিনেত্রী বলেন, “এক দিনও আমার অপরাধবোধ হয়নি। মনে হয়েছে, আমার যত্ন নেওয়া হচ্ছে, আমাকে আগলে রাখা হচ্ছে। ওই সময় এক জন মহিলার এটাই প্রয়োজন। এমন নির্মাতাদের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভাগ্যবতী মনে করছি নিজেকে।’’

শিমলায় শুটিং চলাকালীন পরিণীতির পরিবারের লোকেরাও তাঁর পাশে ছিলেন। স্বামী রাঘব, মা, শাশুড়ি এবং ভাইয়েরা সকলেই তাঁর সঙ্গে সময় কাটাতে শিমলায় গিয়েছিলেন। পরিণীতির কথায়, “এটা আমার জন্য খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়ে উঠেছিল। আমরা মজা করে বলতাম, এটা আমার ‘ডেবিউ’-এর পাশাপাশি নীরেরও ডেবিউ। তাই এই সিরিজ়টা সব সময়ে আমার কাছে সবচেয়ে বিশেষ হয়ে থাকবে।”

‘শক: ট্রাস্ট নো ওয়ান’ দিয়েই সিরিজ়ের দুনিয়ায় পা রাখছেন পরিণীতি। তাঁর সঙ্গে এই সিরিজ়ে রয়েছেন তাহির রাজ ভসীন, জেনিফার উইঙ্গেট, সোনি রাজ়দান, সুমিত ব্যাস এবং হরলীন শেট্টী। ২৪ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা সিরিজ়টির।

By Paromita