জুবিনকে শ্রদ্ধা জানাতে নতুন ছবি নির্মাণ প্রীতমের

প্রয়াত গায়ক জুবিন গর্গ-কে সম্মান জানাতে নতুন ছবি ‘লভ ইউ জুবিনদা’ নির্মাণ করছেন পরিচালক প্রীতম বন্দ্যোপাধ্যায়। ‘ইডিয়ট’, ‘খোকা ৪২০’ এবং ‘খিলাড়ি’-সহ একাধিক ছবিতে প্রীতমের পরিচালনায় গান গেয়েছিলেন জুবিন। সেই সূত্রে প্রায়ই গুয়াহাটিতে যেতেন তিনি। প্রীতমের দাবি, রেকর্ডিংয়ের বাইরে জুবিনের আন্তরিক আতিথেয়তা তাঁকে মুগ্ধ করেছিল।

তবে শিল্পী হিসেবে সাফল্যের পাশাপাশি জুবিনের মানবিক দিকই সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল প্রীতমকে। তাঁর কথায়, পারিশ্রমিক পাওয়ার পর রাতের শহরে বেরিয়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে অর্থ বিলিয়ে দিতেন জুবিন। কখনও ঘুমন্ত মানুষের চাদরের নিচে টাকা রেখে আসতেন, আবার কখনও ছোট দোকানদারদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি অর্থ দিয়ে সাহায্য করতেন। শীতের রাতে দরিদ্র মানুষের গায়ে কম্বল বা চাদর জড়িয়ে দেওয়ার ঘটনাও তিনি একাধিকবার প্রত্যক্ষ করেছেন বলে জানান।

প্রীতমের মতে, জুবিনের কণ্ঠ যেমন অসংখ্য গানের সাফল্য এনে দিয়েছে, তেমনি তাঁর উদারতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাই তাঁকে অনন্য করে তুলেছিল। অসমের সাধারণ মানুষের শিক্ষা, চিকিৎসা বা আর্থিক সমস্যার খবর রাখতেন এবং নীরবে তাঁদের পাশে দাঁড়াতেন বলে দাবি তাঁর।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আকস্মিকভাবে জুবিনের মৃত্যু হয়। মৃত্যুর কয়েক দিন আগেও তাঁর সঙ্গে কথা হয়েছিল প্রীতমের এবং ২৬ সেপ্টেম্বর নাকি সাক্ষাতেরও পরিকল্পনা ছিল। কিন্তু সেই সাক্ষাৎ আর হল না! এরপরই শিল্পীকে কাজের মাধ্যমে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেন তিনি। ছবি নির্মাণের আগে ইতিমধ্যেই জুবিনের স্ত্রী গরিমা শৈকিয়ার অনুমতিও নিয়েছেন বলে জানিয়েছেন প্রীতম।

By Durgasree Mitra