সলমন খানের ‘বিগ বস্’-এর নতুন সিজ়ন ঘিরে জল্পনা শুরু হয়ে গিয়েছে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে চলেছে ‘বিগ বস্ ২০’। তবে এখনও পর্যন্ত প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেননি নির্মাতারা। এর মধ্যেই সমাজমাধ্যমে একের পর এক নাম নিয়ে জল্পনা চলছে। সেই তালিকায় এ বার উঠে এসেছে ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের নাম।
সলমন খানের সঞ্চালনায় ‘বিগ বস্ ২০’-তে প্রতিযোগী হিসাবে যোগ দেওয়ার জন্য মৌনীকে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। যদিও সেই প্রস্তাবে অভিনেত্রী সম্মতি দিয়েছেন কি না, তা এখনও নিশ্চিত নয়। মৌনীকে শো-তে নিয়ে আসতে নির্মাতারা নাকি বেশ আগ্রহী। বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতেও প্রস্তুত বলে শোনা যাচ্ছে।
বর্তমানে অভিনেত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত মৌনী ‘বিগ বস্’-এর ঘরে ঢুকবেন কি না, তার উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরেই।
মৌনীকে ঘিরে খবর ছড়াতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এক জন লিখেছেন, “মৌনী ‘বিগ বস্’-এর মতো অনুষ্ঠানের থেকে অনেক বেশি জনপ্রিয় নাম। তাঁর হাতে একাধিক কাজ রয়েছে। তবে তিনি যদি সত্যিই আসেন, তা হলে অনুষ্ঠান জমে উঠবে।”
অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। তাই এক নেটাগরিকের মন্তব্য, “মৌনী এবং জেনিফার উইঙ্গেট কোনও দিনই ‘বিগ বস্’-এ আসবেন না। এঁরা দু’জনেই যথেষ্ট জনপ্রিয়। এখানে এসে আলাদা করে কিছু পাওয়ার নেই।”
শুধু মৌনী নন, আরও বেশ কয়েক জন তারকার নাম নিয়েও জোর জল্পনা চলছে। যে নামগুলি নিয়ে ইতিমধ্যেই আলোচনার খবর প্রকাশ্যে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন মাহী ভিজ, গীতা বসরা, জন্নত জ়ুবের, সুনীল পাল এবং শৌভিক চক্রবর্তী। ললিত মোদীর নামও উঠে এসেছে।
‘বিগ বস্ ২০’-এর সূচনা হওয়ার কথা ৬ সেপ্টেম্বর। এই সিজ়নেও সলমন খানই সঞ্চালকের ভূমিকায় থাকছেন।
