রানির প্রশংসায় পঞ্চমুখ রণবীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের অভিনয় জীবনের ৩০ বছরের পূর্তি উদ্‌যাপনে ব্যস্ত গোটা বলিউড। কিছুদিন পরেই মুক্তি পাবে ‘মর্দানি ৩’। জোরকদমে চলছে ছবির প্রচার-কাজ। এই আবহেই সহ-অভিনেত্রী ও সিনিয়র হিসাবে রানির সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেতা রণবীর কাপুর।

২০০৭-এ সঞ্জয় লীলা ভন্সালীর ‘সাঁওয়ারিয়া’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় রণবীরের। সেই ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রানিকে। রানির উপদেশ বদলে দিয়েছিল অভিনেতার জীবন।

রণবীরের কথায়, “রানি আমাকে বলেছিলেন, যদি আমি খুব মন দিয়ে কাজ করি, পরিশ্রম করি, তা হলে নিশ্চিত অভিনেতা হিসাবে উন্নতি করব। আমি কাউকে বোঝাতে পারব না, রানির অভিনীত ছবিগুলো আমার উপরে কতটা প্রভাব ফেলেছে। অনেক ধন্যবাদ ওঁকে যে এত ভালো ভালো ছবি উপহার দিয়েছেন আমাদের।”

রানির অভিনয়ে মুগ্ধ বলিপাড়া। বাদ গেলেন না রণবীরও।

By Durgasree Mitra