অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের জীবনে ন’মাস বয়সী পুত্র অগ্নি এনেছে এক নতুন অধ্যায়। দেখতে দেখতে ন’মাসে পা দিল অগ্নি, আর সেই উপলক্ষে মা-ছেলের এক সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন রূপসা। মাতৃত্বের অভিজ্ঞতা তাঁকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে—এ কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
রূপসা লিখেছেন, “তোমার এবং আমার দু’জনের জন্যই এটি অত্যন্ত আনন্দের মুহূর্ত। তোমার মা হওয়ার পরে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। কখনও মনে হয়নি আমি ক্ষমতাহীন।” তিনি আরও যোগ করেন, “তোমার মা হতে পেরে আমি গর্বিত, ডুগাই। মাতৃত্বের চেয়ে বড় কিছু হয় না। তুমি হয়তো কল্পনাও করতে পারবে না, আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি যেমন হতে চাও, তেমনই ভালো মানুষ হও। আমি সবসময় তোমার পাশে রয়েছি।”
অগ্নিকে সঙ্গে নিয়েই রূপসা সেরেছেন বেশ কিছু শুটিং। তাঁর মতে, জীবনের প্রতিটি মুহূর্তে ছেলের উপস্থিতি যেন এক অনন্য অনুভূতি। অগ্নির প্রথম দুর্গাপুজো থেকে শুরু করে মা-ছেলের একান্ত সময়—সবই তিনি ভাগ করেছেন অনুরাগীদের সঙ্গে।
বর্তমানে রূপসা ব্যস্ত পশমিনা সরকার পরিচালিত রহস্য-রোমাঞ্চে ভরপুর ছবি ‘শামুক’-এর শুটিংয়ে। মাতৃত্বের পাশাপাশি অভিনয়জীবনেও তিনি সমানভাবে সক্রিয়, এবং নিজের নতুন জীবনের এই যাত্রাকে উপভোগ করছেন পূর্ণমাত্রায়।
