“আমি যেমন আছি, তেমনই থাকব”—টলিউডে অবজ্ঞা, কাজের অভাব নিয়ে বিস্ফোরক শ্রীলেখা মিত্র

টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে ফের মুখ খুললেন অভিনেত্রী-পরিচালক শ্রীলেখা মিত্র। পরিচালকদের গিল্ডের একাংশের অভিযোগ, ফেডারেশনের এক পরিচালকের কাজিয়ায় একাধিক পরিচালক, প্রযোজক ও অভিনেতা কাজ হারাচ্ছেন। সেই কারণে ১৩ জন পরিচালক হাইকোর্টে পর্যন্ত গিয়েছেন। তাঁদের দাবি, এই পরিস্থিতিতে কাজ পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এর মাঝেই নাম না করে এক অভিনেতা-পরিচালককে কটাক্ষ করলেন শ্রীলেখা। সংবাদমাধ্যমে তিনি বলেন, “আমি তো বছরের পর বছর কাজ পাই না। কিন্তু কই, কেউ তো সে নিয়ে মাথা ঘামায় না!”

শ্রীলেখার দাবি, বাংলায় কাজের সুযোগ নেই বলেই আর এখানে থাকার আগ্রহও নেই তাঁর। মুম্বইয়ে থাকা অত্যন্ত ব্যয়বহুল, তাই সেখানেও স্থায়ী হতে পারছেন না। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর ছবি ‘মায়ানগর’ দর্শকদের কাছে প্রশংসিত হলেও তা আশানুরূপ ফল করতে পারেনি। কারণ ব্যাখ্যা করে বলেন, “ঠিকঠাক প্রচার আর উপযুক্ত সময় পেলে ছবিটা আরও ভালো করত। কিন্তু আমার হয়ে কে বলবে? আমার তো কোনও ‘সুগার ড্যাডি’ নেই!”

টলিউডে তাঁর সঙ্গে সমস্যা আজকের নয় বলেই দাবি শ্রীলেখার। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর সময় তিনি যখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের কিছু উদাহরণ দিয়েছিলেন এবং নাম করেছিলেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তির, তখন থেকেই তাঁর প্রতি অবজ্ঞা শুরু হয়। কাজের সুযোগ ধীরে ধীরে কমতে থাকে। সেই অবস্থার আরও অবনতি ঘটে আরজি কর হাসপাতাল সংক্রান্ত ইস্যুতে সরকারের বিরুদ্ধে কথা বলার পর।

শ্রীলেখা জানান, “সরকার-বিরোধী মন্তব্য করার জন্য আমার হাতে থাকা বিজ্ঞাপনের কাজ কেড়ে নেওয়া হয়। ছবি পরিচালনার পরিকল্পনা আছে, কিন্তু কোনও প্রযোজকই পাশে দাঁড়াচ্ছেন না।” অথচ মুম্বইয়ে গিয়ে পরিচালক সুধীর মিশ্রর সঙ্গে কাজ করে তিনি যথেষ্ট সম্মান পেয়েছেন বলেই জানান।

তাহলে কি সবকিছু ভুলে নতুন ভাবে শুরু করবেন? জবাবে তাঁর স্পষ্ট উত্তর, “একটুও না। আমি যেমন আছি, তেমনই থাকব। অন্যায়ের সঙ্গে কখনও আপোষ করব না। একদিন না একদিন ফিরে আসব—পরিচালনায়, অভিনয়েও।”

By Durgasree Mitra