দিন কয়েক আগেই একটি কনসার্টে গান গাইতে গিয়ে চোখের জল সামলাতে পারেননি জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। গলার গুরুতর সমস্যার কারণে গান গাওয়ার সময় আবেগে ভেঙে পড়েন তিনি। এর জেরে আগামী ১৪ মার্চ কলকাতায় নির্ধারিত তাঁর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
সুনিধির ‘আই অ্যাম হোম’ সঙ্গীতসফরের কারণে বিভিন্ন শহরে টানা অনুষ্ঠান করতে গিয়ে সম্প্রতি তাঁর গলায় সমস্যা দেখা দেয়। লখনউয়ের এক অনুষ্ঠানে গান গাওয়ার সময় হঠাৎই গলা ধরে আসে গায়িকার। মঞ্চেই দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁর গলার অবস্থা খুবই খারাপ, তবু তিনি চেষ্টা করছেন গান চালিয়ে যেতে। কথা বলতে বলতেই আবেগে কেঁদে ফেলেন তিনি। সুনিধি জানান, এমন পরিস্থিতির মুখোমুখি আগে কখনও হননি তিনি।
এর পরেই সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে গায়িকা জানান, সাম্প্রতিক সময়ে তিনি ঘন ঘন গলার সংক্রমণে ভুগছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপাতত কণ্ঠকে সম্পূর্ণ বিশ্রাম দিতে হচ্ছে তাঁকে। সেই কারণেই কঠিন সিদ্ধান্ত নিয়ে কলকাতার অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছেন।
আগামী ১৪ মার্চ কলকাতায় তাঁর অনুষ্ঠান বাতিল হলেও আগামী ২৫ মার্চ তা অনুষ্ঠিত হবে। যাঁরা ইতিমধ্যেই ১৪ মার্চের জন্য টিকিট কেটেছেন, তাঁরা একই টিকিটে ২৫ মার্চের অনুষ্ঠান দেখতে পারবেন। অনুষ্ঠানস্থলও অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছেন গায়িকা।
বাতিল হল সুনিধির কলকাতার কনসার্ট!
