রেস্তোরাঁ সামলাতে সুইগি-র ২৪x৭ এআই ‘গুরু’

রেস্তোরাঁর অংশীদারদের জন্য ২৪x৭ এআই সহকারী ‘গুরু’ চালু করলো সুইগি। একটি সহজ চ্যাটের মাধ্যমেই রেস্তোরাঁ মালিকরা ব্যবসার তথ্য বিশ্লেষণ, বিক্রি বাড়ানোর পরিকল্পনা, বিজ্ঞাপন ও ডিসকাউন্ট ক্যাম্পেইন পরিচালনা এবং বিভিন্ন অপারেশনাল সমস্যার সমাধান করতে পারবেন।

এতে রয়েছে ২০টিরও বেশি আঞ্চলিক ভাষা, যার মধ্যে বাংলায়ও ব্যবহার করা যাবে গুরু। এর মাধ্যমে রেস্তোরাঁর বিক্রি, অর্ডার, গড় অর্ডার মূল্য (AOV)-সহ ৩০টিরও বেশি মেট্রিক বিশ্লেষণ করে ব্যবসার কোথায় সমস্যা হচ্ছে এবং কীভাবে তা উন্নত করা যায়, সে বিষয়ে পরামর্শ পাওয়া যাবে। এছাড়াও, নতুন মেনু আইটেম যোগ করা, খাবারের বিবরণ তৈরি, জনপ্রিয় খাবার চিহ্নিত করা এবং মেনুর পারফরম্যান্স বিশ্লেষণ করা যাবে। পাশাপাশি ট্যাক্স রিপোর্ট, পেআউটের হিসাব ও অন্যান্য আর্থিক তথ্যও দেখা যাবে।

এবিষয়ে সুইগি ফুড মার্কেটপ্লেস-এর সিইও রোহিত কাপুর জানিয়েছেন, রেস্তোরাঁগুলির দৈনন্দিন কাজ আরও সহজ করতে এআই -কে তাঁদের কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে। গুরু দ্রুত সমস্যা সমাধান, ২৪x৭ সহায়তা এবং ব্যবসা বাড়ানোর জন্য প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দেবে। ইতিমধ্যেই ৭২০টিরও বেশি শহরে চালু হচ্ছে গুরু। এর ফলে ছোট স্থানীয় রান্নাঘর থেকে শুরু করে একাধিক শাখার রেস্তোরাঁ—প্রায় ২.৭ লক্ষ রেস্তোরাঁ উপকৃত হবে।

By Business Bureau