তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর খান? ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শুরু জল্পনা

করিনা কপূর খানকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি অভিনেত্রীর একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে নেটাগরিকদের একাংশের প্রশ্ন, তবে কি ফের মা হতে চলেছেন অভিনেত্রী?

ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, করিনা তাঁর দলের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁর টিমের এক সদস্য অভিনেত্রীর সামনে ছাতা ধরে ছিলেন, ফলে ছবিশিকারিদের ক্যামেরায় তাঁর শরীরের কিছুটা অংশ ঢাকা পড়ে যায়। এর পরেই নেটাগরিকদের একাংশের দাবি, অভিনেত্রীর পেট নাকি খানিকটা স্ফীত দেখাচ্ছে। শুরু হয় তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা।

তবে করিনা অন্তঃসত্ত্বা নন। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র স্পষ্ট করে জানিয়েছে, “পুরোটাই ভুয়ো খবর রটছে। করিনা মোটেই অন্তঃসত্ত্বা নন।”করিনা ও সইফের দুই ছেলে— তৈমুর ও জেহ। সম্প্রতি গোটা পরিবার একসঙ্গে সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন। ১৬ অগস্ট সইফের জন্মদিন উপলক্ষে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সমাজমাধ্যমে সেখানকার বেশ কিছু ছবি ভাগও করে নিয়েছেন অভিনেত্রী।

এর আগেও পরিবার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে করিনা মজা করতে করতেই জানিয়েছিলেন, সইফের নাকি ২০-র কোঠায়, ৩০-এর কোঠায়, ৪০-এর কোঠায় আর ৫০-এর কোঠায় একটি করে সন্তানের জন্ম হয়েছে। তাই ৬০ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এ বার নাকি সইফকে আর বাবা হতে দেবেন না করিনা। প্রসঙ্গত, প্রথম স্ত্রী অমৃতা সিংহের সঙ্গে সইফের দুই সন্তান রয়েছে, সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। অর্থাৎ, সব মিলিয়ে সইফ চার সন্তানের বাবা।

করিনা আরও জানিয়েছিলেন, বাচ্চাদের সময় দিতে নিজেদের মধ্যে বোঝাপড়া করে কাজের সময়সূচি নির্ধারণ করেন তাঁরা। এক জন যখন ছবির শুটিং করেন, অন্য জন তখন সন্তানদের সময় দেওয়ার জন্য কাজের চাপ কম রাখার চেষ্টা করেন। তাই আপাতত তৃতীয় সন্তান আসার খবর নিছকই জল্পনা, করিনার ঘনিষ্ঠ সূত্রও সেই কথাই জানিয়েছে।

By Paromita