প্রচার-ঝলক মুক্তি পেতেই বিতর্কিত শ্রদ্ধার ‘ঈথা’!

মারাঠি লোকশিল্পী ও কিংবদন্তি লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবন অবলম্বনে নির্মিত জীবনীচিত্র ‘ঈথা’-র প্রথম ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন শ্রদ্ধা কাপুর। শুটিং চলাকালীন একাধিকবার আহত হলেও চরিত্রটিকে ফুটিয়ে তুলতে তাঁর নিষ্ঠার প্রশংসা করছেন সিনে বিশেষজ্ঞরা। তবে ছবির শিরোনাম ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

লোকসংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ স্তরে সম্মানিত হয়েছিলেন বিঠাবাঈ। জীবনের এক সময়ে তিনি মঞ্চ কাঁপালেও শেষ বয়সে আর্থিক সংকটের মধ্যে দিন কাটাতে হয়েছিল তাঁকে। এমন একজন শিল্পীর জীবনীচিত্রের নাম ‘ঈথা’ রাখার সিদ্ধান্তে আপত্তি জানিয়েছেন তাঁর ছেলে ও নাতি। তাঁদের বক্তব্য, যিনি ‘লাবণী’-কে একটি স্বীকৃত নৃত্যশৈলী হিসেবে প্রতিষ্ঠা করতে সারাজীবন উৎসর্গ করেছিলেন, তাঁর জীবনভিত্তিক ছবির নাম তাঁর প্রকৃত নামেই হওয়া উচিত।

একই দাবি তুলেছে মহারাষ্ট্রের জাতীয় কংগ্রেস পার্টির চলচ্চিত্র ও সংস্কৃতি বিভাগ। দলের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, বিঠাবাঈয়ের জীবন নিয়ে ছবি নির্মিত হলেও কেন তাঁর নাম ছবির শিরোনামে রাখা হয়নি। তাঁদের মতে, ছবির নাম ‘বিঠা’ অথবা ‘বিঠাবাঈ’ হলে কিংবদন্তি শিল্পীর প্রতি যথাযথ সম্মান জানানো হতো।

সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা যায়, একদিকে মঞ্চে চলছে নৃত্যানুষ্ঠান, অন্যদিকে মঞ্চের নেপথ্যে প্রসববেদনায় কাতর ‘ঈথা’। সন্তান জন্মের পর শারীরিক যন্ত্রণা উপেক্ষা করেই তিনি মঞ্চে উঠে নৃত্য পরিবেশন করেন। বাস্তব জীবনেও বিঠাবাঈ এমন ঘটনার সাক্ষী ছিলেন বলে জানা যায়।

শ্রদ্ধা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রণদীপ হুডা এবং মহম্মদ জিশান আয়ুবকে। ছবি মুক্তি আগামী ২৮ অগাস্ট।

By Durgasree Mitra