প্রয়াত প্রাক্তন সিবিএফসি চেয়ারম্যান পহলাজ নিহলানী

প্রয়াত প্রাক্তন ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ (সিবিএফসি) চেয়ারম্যান পহলাজ নিহলানী। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। কয়েক মাস ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি লিভার সিরোসিস ধরা পড়েছিল তাঁর।

পহলাজ নিহলানী ছিলেন একজন সফল চলচ্চিত্র প্রযোজক। তাঁর প্রযোজিত হিট ছবির মধ্যে রয়েছে ‘ইলজম’, ‘শোলা অউর শবনম’, ‘আখেঁ’, ‘তলাশ’ এবং ‘জুলি ২’। ২০১৫ সালে তিনি সিবিএফসি’র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন।

চলচ্চিত্র সেন্সর বোর্ডে থাকা সময়ে তাঁর অতিরিক্ত রক্ষণশীল মনোভাবের জন্য সমালোচিত হতে হয়েছিল। পহলাজ নিজে প্রকাশ্যে বলেছিলেন, “সিবিএফসি-এর কাজ শুধু সার্টিফিকেট দেওয়া নয়, ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা করাও।” সমালোচকরা অভিযোগ করেছিলেন যে এই দৃষ্টিভঙ্গি সিবিএফসি-কে অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের দিকে উৎসাহিত করেছিল এবং চলচ্চিত্রের সৃজনশীল স্বাধীনতায় হস্তক্ষেপ ঘটিয়েছে।

২০১৬ সালে নির্মিত ‘উড়তা পঞ্জাব’ ছবিটি মাদক সমস্যাকে কেন্দ্র করে তৈরি হলেও সিবিএফসি অনেক কাটছাঁটের নির্দেশ দেয়। ছবির নির্মাতারা আদালতে যান এবং দীর্ঘ বিতর্কের পর সীমিত কাটসহ মুক্তির অনুমতি পান। পরবর্তীকালে ২০১৭ সালে তাঁকে সিবিএফসি চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

By Durgasree Mitra