অসম তথা উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত জগত শোকে স্তব্ধ। অমর গায়ক, কিংবদন্তি শিল্পী জ়ুবিন গার্গ অকালেই চলে গেলেন। সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসব-এ যোগ দিতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় তাঁর পারফরম্যান্স ছিল প্রধান আকর্ষণ। হাজারো শ্রোতা অপেক্ষা করছিলেন তাঁর কণ্ঠে “অজানাও ডাকা আছে” বা “ইয়া আলি”–র মতো চিরস্মরণীয় সুর শোনার জন্য। কিন্তু তার আগেই ঘটল চরম অঘটন।
সকালেই স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন শিল্পী। সেই সময়েই ঘটে যায় ভয়ঙ্কর দুর্ঘটনা। সিঙ্গাপুর পুলিশ দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। আইসিইউ-তে সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চিকিৎসকদের হাত ফসকে চলে গেলেন অসাম রকস্টার।
খবর পেয়েই বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন তাঁর স্ত্রী। আর অন্যদিকে গোটা অসমে শুরু হয়েছে শোকের আবহ। সামাজিক মাধ্যমে ভক্তরা বেদনায় ভেঙে পড়েছেন।
উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত ইতিহাসে এক নতুন ধারার স্রষ্টা ছিলেন জ়ুবিন গার্গ। আঞ্চলিক সঙ্গীতকে জাতীয় মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে শুধু অসম নয়, সমগ্র ভারত হারাল এক অনন্য সঙ্গীত প্রতিভাকে।
