বেশ কয়েক মাস হল শেষ হয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি। অভিনেতা জীতু কমলকে দর্শক শেষ বার এই ধারাবাহিকেই দেখেছিল। এর মধ্যে বেশ কিছু সিনেমার শুটিং সেরে ফেলেছেন তিনি। শোনা যাচ্ছে, এ বার নাকি অভিনেতাকে দেখা যাবে ওয়েব সিরিজ়ে।
নায়কের তরফে এখনও কোনও ঘোষণা হয়নি। কিন্তু অন্দরের ফিসফাস, ওয়েব প্ল্যাটফর্ম ‘হইচই’-এর তরফে যোগাযোগ করা হয়েছে অভিনেতার সঙ্গে। নতুন সিরিজ় নিয়ে নাকি আলোচনা চলছে অভিনেতার সঙ্গে। শোনা গিয়েছিল, একটি নয়, দু’টো সিরিজ়ের কথা হয়েছে তাঁর সঙ্গে। এই বিষয়ে অবশ্য জীতুর মুখে কুলুপ। তিনি এখনও পর্যন্ত কিছু জানাননি।
এরই মধ্যে নিজের স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করেছেন জীতু। এই প্রসঙ্গে জীতু জানিয়েছিলেন, প্রায় দেড় বছর ধরে এই কাজ চলছে। করোনা পরিস্থিতি তাঁকে এমন কিছু করার কথা ভাবতে সাহায্য করেছিল। অভিনেতা বলেন, “গত কয়েক বছরে অনুরাগীদের থেকে অনেক ভালবাসা পেয়েছি। প্রতিদিন প্রচুর উপহার পাই। এমনকি অনেকে টাকাও পাঠান। তা নেহাত কম অঙ্কের টাকা নয়। একটা সময়ের পরে আমার মনে হল, মানুষের এত ভালবাসা, এই টাকা যদি ভাল কাজে ব্যবহার করতে পারি, তা হলে তো মন্দ হয় না। কিছু মানুষের মুখে হাসি ফুটবে। বছরের শেষে অডিটেও বোঝা যাবে টাকাপয়সার হিসাব।”
গত কয়েক বছরে টলিপাড়ার অনেক শিল্পী অভিনয়ের পাশাপাশি নানা ধরনের ব্যবসায় মন দিয়েছেন। কেউ প্রযোজনা সংস্থা খুলেছেন। কেউ আবার নিজের জামাকাপড়ের ব্যবসা শুরু করেছেন। আগামী দিনে অভিনেতারও ছবি প্রযোজনা করার ইচ্ছা রয়েছে। কিন্তু আপাতত নিজের স্বেচ্ছাসেবী সংস্থা এবং অভিনয়ে বেশি মন দিচ্ছেন তিনি।
