৪ মিনিট ১০ সেকেন্ডের প্রচার-ঝলকে নেই সনীর চিহ্নমাত্র! ‘রামায়ণ’-এ নজর কাড়তে পারলেন রণবীর ও যশ?

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ পার্ট ১’-এর বহু প্রতীক্ষিত প্রচার-ঝলক। প্রথম বার পূর্ণাঙ্গ রূপে দেখা গেল রণবীর কপূর অভিনীত রাম, সাই পল্লবী অভিনীত সীতা, রবি দুবের লক্ষ্মণ এবং যশ অভিনীত রাবণকে। অনুরাগীদের মতে, প্রথম ঝলকের তুলনায় প্রচার-ঝলকে গল্প, সংলাপ এবং আবেগের উপর বেশি জোর দেওয়া হয়েছে। তবে সকলেই যে প্রচার-ঝলকের প্রশংসা করেছেন, এমন নয়। নেটাগরিকের একাংশ ছবির ভিএফএক্স থেকে শুরু করে রণবীরের সংলাপ বলার ধরন— একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে প্রশ্ন উঠছে প্রচার-ঝলকে সনী দেওলের অনুপস্থিতি নিয়েও।

ঝলকের শুরুতেই দেখা যায়, রাবণ একটি বিশাল প্রাসাদের দরজায় এসে কড়া নাড়ছেন। প্রতিরোধের মুখে পড়ে শক্তি প্রয়োগ করে দরজা ভেঙে ফেলেন তিনি। এর পরেই তাঁর ঘোষণা, শুরু হচ্ছে ‘রাবণরাজ’। রাবণের উত্থানে যখন দেবতা ও রাজারা আতঙ্কিত, তখনই অযোধ্যার রাজা দশরথের (অভিনয়ে অরুণ গোবিল) পুত্র হিসাবে বিষ্ণুর অবতার রামের আবির্ভাব ঘটে।

এর পর দেখা যায় রামের শৈশব ও যৌবনের একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্ত। লক্ষ্মণকে সঙ্গে নিয়ে অসুরদের বিরুদ্ধে যুদ্ধ করে প্রজাদের রক্ষা করতে দেখা যায় তাঁকে। কৈকেয়ীর চরিত্রে দেখা মেলে লারা দত্তের। তাঁকে দেওয়া দশরথের প্রতিশ্রুতি রক্ষার জন্য রাম ১৪ বছরের বনবাসে যান। স্বামীর সঙ্গ নেন সীতাও। মহাকাব্যের পরিচিত নানা পর্বের ঝলক দেখা গিয়েছে।

প্রথম ঝলকের তুলনায় এ বারে অযোধ্যা এবং লঙ্কার রাজকীয়তা ফুটিয়ে তোলার উপরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশাল সেট, চোখধাঁধানো প্রোডাকশন ডিজ়াইন এবং আবেগঘন মুহূর্তের মাধ্যমে গল্প তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা। আগের ঝলকে অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও ভিএফএক্স-নির্ভর দৃশ্যের সমালোচনা হয়েছিল। এ বার তার ব্যবহার তুলনামূলক ভাবে সংযত রাখা হয়েছে বলেই মত নেটাগরিকদের একাংশের।

তবে প্রায় ৪ মিনিট ১০ সেকেন্ডের প্রচার-ঝলকে দেখা যায়নি সনী দেওল অভিনীত হনুমানের চরিত্রকে। অনেকের ধারণা, দ্বিতীয় পর্বের জন্যই হয়তো হনুমানের চরিত্রটি গোপন রেখেছেন নির্মাতারা। তবে অভিনেতার অনুরাগীরা বেশ বিরক্তি প্রকাশ করেছেন।

দর্শকের একাংশ ভিএফএক্স, আবহ সঙ্গীতের প্রশংসায় পঞ্চমুখ। নজর কেড়েছে হাতির দৃশ্য, রঙের ব্যবহার। যদিও সকলের মত এক নয়। একাংশের মতে, প্রায় ৪,০০০ কোটি টাকার বলে প্রচারিত বাজেটের ছবি হিসাবে প্রচার-ঝলক তেমন প্রত্যাশা পূরণ করতে পারেনি। কারও মতে, কিছু দৃশ্যে এখনও ‘গ্রিন স্ক্রিন’-এর ব্যবহার স্পষ্ট, ফলে বাস্তবতার অনুভূতি পুরোপুরি তৈরি হয়নি।

রণবীর ও যশকে ঘিরেও আলোচনা চলছে। অনেকের মতে, রামের সংযত, শান্ত এবং মর্যাদাপূর্ণ ব্যক্তিত্বকে নিখুঁত ভাবে তুলে ধরেছেন রণবীর। আবার অন্য একাংশের দাবি, তাঁর সংলাপ বলার ধরন চরিত্রটির সঙ্গে একেবারেই মানানসই হয়নি। অন্য দিকে, যশের রাবণ দর্শকের নজর কেড়েছে। বহু দর্শকের মতে, রাবণের চরিত্রে তাঁর উপস্থিতি এবং ব্যক্তিত্বই এই প্রচার-ঝলকের অন্যতম বড় আকর্ষণ।

By Paromita