একইসাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিপাড়ার দুই তারকা। ২৩ জানুয়ারি শুক্রবার একদিকে বিষ্ণুপুরে প্রিয়তমা ঐশিকীর গলায় মালা পরালেন অভিনেতা বিশ্বাবসু বিশ্বাস। অন্যদিকে, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী মধুমিতা সরকার।
ইতিমধ্যেই কনের সাজে মধুমিতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের সাজ নিয়ে অনেকদিন ধরেই পরিকল্পনা করেছিলেন মধুমিতা। লাল বেনারসি, গা- ভর্তি সোনার গয়না আর কপালে সূক্ষ্ম চন্দনের আলপনা। একেবারে সাবেকি বাঙালিয়ানায় সেজে উঠেন তিনি। মুহূর্তেই ভাইরাল সিঁদুরদানের ছবিও। খাবারদাবারেও ছিল বাঙালিয়ানার ছোঁয়া।
বিশ্বাবসু অবশ্য কোনওভাবেই চাননি তাঁর বিয়ে নিয়ে বেশি আলোচনা হোক। সংবাদমাধ্যমে অভিনেতা জানিয়েছিলেন, আর পাঁচজন সাধারণ মানুষের মতোই তাঁদের বিয়ের প্রস্তুতি। ঠিক তেমনই হল। বাঙালিয়ানা রীতিতে সম্পন্ন হয় বিশ্বাবসু ও ঐশিকীর বিয়ে। নবদম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছায় ভরিয়ে তোলেন পরিজনেরা।
