প্রেমদিবসে কলকাতায় একই মঞ্চে উদিত-শানু

নব্বইয়ের দশকের বলিউডের দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণকে এবার একই মঞ্চে দেখতে পাবেন কলকাতার দর্শক। আগামী ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসে ইকো পার্কে অনুষ্ঠিত হবে ‘উইংস অফ লভ’-এর চতুর্থ সিজন। অনুষ্ঠানে দুই শিল্পীর পাশাপাশি বিশেষ আকর্ষণ হতে চলেছে কুমার শানুর গানের সিম্ফনি পরিবেশনা।

আয়োজকদের দাবি, ভারতে এই প্রথম কোনও লাইভ কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলির সিম্ফনি পরিবেশন করবেন কুমার শানু। সম্প্রতি লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হলে এই বিশেষ পরিবেশনা করেছেন তিনি। এবার কলকাতার মঞ্চে তাঁর সঙ্গে থাকবেন ২৬ থেকে ২৭ জন যন্ত্রশিল্পী। এই আয়োজনের প্রস্তুতিতে টানা তিন দিন মহড়ার পরিকল্পনাও রয়েছে।

অন্যদিকে, বিদেশে অনুষ্ঠান সেরে ১৩ ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছবেন উদিত নারায়ণ। দুই শিল্পী নিজেদের দল নিয়ে আলাদা করে অনুষ্ঠান করলেও কয়েকটি গান একসঙ্গে পরিবেশন করতে পারেন বলে জানা গিয়েছে। ফলে দীর্ঘদিন পর একই মঞ্চে তাঁদের যুগলবন্দি ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উন্মাদনা।

By Durgasree Mitra