ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী বললেন সারা আলি খান?

সময় পেলেই কেদারনাথ মন্দিরে যান বলিউড অভিনেত্রী সারা আলি খান। তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’। সেই থেকেই কেদারনাথের প্রতি ভক্তি জন্মায় নায়িকার। এমনকি সেখানে পুজো দেওয়ার পাশাপাশি নিজেকে মহাদেবের ভক্ত হিসেবেও প্রকাশ করেছেন সারা।
সম্প্রতি কেদারনাথ মন্দিরে প্রবেশাধিকারে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। জানা যাচ্ছে, এবার থেকে মন্দিরে অহিন্দুদের প্রবেশ সীমিত করেছে মন্দির কমিটি। মন্দিরে প্রবেশের জন্য এবার সব ভ্রমণকারীরই নির্দিষ্ট শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এরপরও সারা নিয়মিতভাবে মন্দিরে যান। অহিন্দু হওয়ায় তাঁর পুজো দেওয়ার বিষয়টি নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এক সাক্ষাৎকারে সারা জানিয়েছেন, “আমি তখন ছোট ছিলাম, স্কুলে পড়তাম। তখন আমাদের পরিবার একসঙ্গে ছিল। বিদেশে যেতাম। পরিচিতিপত্রে আমাদের নামের পদবি ভিন্ন ছিল। অমৃতা সিংহ, সইফ পটৌদী, সারা সুলতানা, ইব্রাহিম আলি খান। আমি তখন ভাবতাম আমরা আসলে কে? মা বলেছিলেন, ‘তুমি একজন ভারতীয়’। সেই কথা আজও ভুলিনি।” তিনি আরও যোগ করেন, “আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। তা সত্ত্বেও ধর্মীয় ভেদাভেদ তৈরি করেছে কিছু মানুষ, আমি এদের গুরুত্বই দিই না।”
কেদারনাথ প্রসঙ্গে সারা বলেন, “আমার কেদারনাথে যাওয়া খুবই ব্যক্তিগত বিষয়। সম্মানের সঙ্গে বলছি, কারও ভালো লাগুক বা খারাপ লাগুক, সেটা অন্যদের বিষয় নয়। আমি যাই আমার জন্য। সেখানে গিয়ে আমি শান্তি এবং সুখ খুঁজে পাই।”

By Durgasree Mitra