ছেলের জন্মদিনে কী বিশেষ পরিকল্পনা রাজ-শুভশ্রীর?

পাঁচ বছরে পা দিল রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে ইউভান চক্রবর্তী। দাদার জন্মদিনে আধো আধো গলায় শুভেচ্ছা জানিয়েছে তার একরত্তি বোন, দেড় বছরের ইয়ালিনি চক্রবর্তী।
অ্যাভেঞ্জারপ্রিয় ইউভানের এই বছরের জন্মদিনের থিম ‘সোনিক’। রাজ জানান, পিতৃত্বের এই পাঁচ বছরে তাঁর জীবন পুরোপুরি বদলে গিয়েছে। আগে শুধু নিজের কাজ নিয়েই ভাবতেন, এখন তাঁর ভাবনা-চিন্তার পরিসর অনেকটাই বেড়েছে।
“আজ সকালে স্কুলে গিয়েছে। ও স্কুলে যেতে খুব ভালোবাসে। তাই জন্মদিনেও স্কুলে যাওয়ার জন্য সকাল থেকে তৈরি হয়ে গিয়েছিল। বন্ধুবান্ধবদের জন্য উপহারও নিয়ে গিয়েছে,” বলেন রাজ।
তবে একটা চিন্তা এখনও বাবা রাজের মনে। ছেলেটা খেতে চায় না! তাঁর কথায়, “ওর কাছে খাওয়া মানে সময় নষ্ট। আজ সকাল থেকে ঘুম থেকে উঠেই শুধু বলছে—‘আমার আজ জন্মদিন! আমার আজ জন্মদিন!’ এটাই করে যাচ্ছে। খুব অল্প কিছু জিনিস খায়—মাখানা, কলা, আর মাছভাজা ওর খুব প্রিয়।”
ইয়ালিনিও দাদার জন্মদিন নিয়ে সকাল থেকেই দারুণ উত্তেজিত। রাতে একসঙ্গে জমকালো পার্টির আয়োজন করেছেন তারকাদম্পতি।

By Durgasree Mitra