আমির-গৌরীর বিয়েতে অতিথি কারা?

রবিবার, ৫ জুলাই আমির খান ও গৌরী স্প্র্যাটের বিয়ে। মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতার সমুদ্রমুখী বাসভবনেই বসছে ঘরোয়া বিয়ের আসর। জাঁকজমকের বদলে সাদামাটা আয়োজনকেই গুরুত্ব দিয়েছেন আমির ও গৌরী। তবে অনুষ্ঠানে পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু এবং চলচ্চিত্র জগতের পরিচিত প্রযোজক-পরিচালক মিলিয়ে প্রায় ১৫০ জন অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে।

বিয়ের অনুষ্ঠানে আমিরের দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক আশুতোষ গোয়ারীকর এবং প্রযোজক-পরিচালক রাজকুমার সন্তোষীসহ চলচ্চিত্র জগতের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুই পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে যোগ দেবেন। আমিরের আগের দুই পক্ষের সন্তান এবং গৌরী স্প্র্যাটের আগের পক্ষের ছেলেও উপস্থিত থাকবেন বলে খবর। তবে অভিনেতার প্রাক্তন দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

এটি আমিরের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং ২০০২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। দীর্ঘ দাম্পত্যের অবসান হলেও সন্তানদের স্বার্থে তাঁরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। পরে ২০০৫ সালের ডিসেম্বরে কিরণ রাওকে বিয়ে করেন আমির। ব্যক্তিগত ও পেশাগত জীবনে দীর্ঘ সময় একসঙ্গে কাজ করার পর ২০২১ সালে তাঁদের আইনি বিচ্ছেদ ঘটে। এবার ব্যক্তিগত জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন অভিনেতা।

By Durgasree Mitra