গলায় তুলসির মালা, কপালে তিলক, প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন বিরুষ্কা

গলায় তুলসির মালা, কপালে তিলক, হাতে জপের মালা। কোনোরকম নায়িকাসুলভ রূপটান ছাড়াই একেবারে সাধারণ পোশাকেই প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।

বেশ কয়েক বছর ধরেই রূপালি জগৎ থেকে দূরে রয়েছেন তিনি। বিয়ের পরে কিছু ছবিতে কাজ করলেও মা হওয়ার পর থেকে আর কোনও ছবিতে দেখা মেলেনি নায়িকার।

সম্প্রতি ভারত ছেড়ে পাকাপাকিভাবে লন্ডনে পাড়ি জমিয়েছেন তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা। মাঝেমধ্যে ভারতে আসেন। মেসির ভারত সফর উপলক্ষ্যে নাকি দেশে ফিরেছেন তাঁরা। ফিরেই চলে গেলেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে। হাতজোড় করে অনুষ্কা বলেন, ‘‘আমরা দু’জনে আপনার শরণাপন্ন হয়েছি। আপনার কাছে নিজেদের সমর্পন করছি।’’

তাতেই প্রেমানন্দ মহারাজ বলেন, ‘‘আসলে আমরা সকলেই শ্রীজির সন্তান। আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে, সেই মস্ত ছাতার তলায় আমাদের বসবাস। আমাদের  রাধানাম জপে যেতে হবে।’’

মহারাজের দেখানো পথই অনুসরণ করছেন তারকা দম্পতি। আজকাল তাঁদের প্রায়ই দেখা যায় বিভিন্ন মন্দির পরিক্রমায়। পার্টিতেও খুব একটা দেখা মেলে না বিরুষ্কার। তবে কি ধর্মের পথেই ব্রতী হয়ে নিজেকে সব কিছু থেকেই আড়ালে রাখছেন অনুষ্কা! ভবিষ্যতে কখনও কি আর বড়পর্দায় দেখা যাবে না তাঁকে? প্রশ্ন অনুরাগীদের।

By Durgasree Mitra