আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা জন আব্রাহাম, ৮৪ কোটির বাংলো কিনলেন নায়ক

মুম্বইয়ে বিলাসবহুল আবাসনে বড়সড় বিনিয়োগ করলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম। বান্দ্রা পশ্চিমের সেন্ট মার্টিন রোডে ৮৪ কোটি টাকা দিয়ে একটি বড় বাংলো কিনেছেন তিনি। সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, গত ১৪ জুলাই চুক্তিটি নথিভুক্ত হয়েছে। স্ট্যাম্প ডিউটি বাবদ জনকে খরচ করতে হয়েছে ৫.০৪ কোটি টাকা।

নথি অনুযায়ী, বাংলোটি প্রায় ১,০১৭.৬০ বর্গমিটার জমির উপর অবস্থিত। সেখানে রয়েছে প্রায় ১৯৩.১২ বর্গমিটারের বাড়ি এবং প্রায় ৩১.৫০ বর্গমিটারের একটি আউটহাউস। এই নিয়ে অল্প কয়েক বছরের ব্যবধানে মুম্বইয়ে দ্বিতীয় বিলাসবহুল বাংলোর মালিক হলেন জন। ২০২৩ সালের ডিসেম্বরে খারের লিঙ্কিং রোডে ৭,৭২২ বর্গফুট জমিসহ ৫,৪১৬ বর্গফুটের একটি বাংলো ৭০.৮৩ কোটি টাকায় কিনেছিলেন তিনি। সেই লেনদেনেও স্ট্যাম্প ডিউটি বাবদ গুনতে হয়েছিল ৪.২৪ কোটি টাকা। নতুন এই কেনাকাটার ফলে মুম্বইয়ের অভিজাত আবাসন বাজারে জনের উপস্থিতি আরও জোরালো হল বলেই মনে করছে রিয়্যাল এস্টেট মহল।

সম্প্রতি মুম্বইয়ে বাংলো কেনাবেচার বাজারে একের পর এক উচ্চমূল্যের চুক্তি নজর কেড়েছে। বান্দ্রা, জুহু এবং মালাবার হিলের মতো এলাকায় নতুন করে বাংলো তৈরির সুযোগ কার্যত নেই বললেই চলে। ফলে হাতেগোনা যে কয়েকটি সম্পত্তি বাজারে আসে, সেগুলির দাম পৌঁছে যায় কয়েকশো কোটিতেও। এই কারণেই রিয়্যাল এস্টেট মহলে এগুলিকে বলা হয় ‘ট্রোফি হোম’— যা শুধু বাসস্থান নয়, মালিকের আর্থিক সামর্থ্য ও সামাজিক মর্যাদারও প্রতীক।

সম্প্রতি জুহুতে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’-র কাছের ‘ভিলা উইলসন’ ১৩৫ কোটি টাকায় বিক্রি হয়েছে। তার আগে নানাবতী পরিবারের ঐতিহ্যবাহী সমুদ্রমুখী ‘লীলা’ বাংলো হাতবদল হয়েছে ২২১ কোটি টাকায়। আবার ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নেপিয়ান সি রোডের ঐতিহাসিক ‘লক্ষ্মী নিবাস’ বিক্রি হয়েছিল ২৭৬ কোটি টাকায়। সেই তালিকাতেই এ বার যুক্ত হল জন আব্রাহামের ৮৪ কোটির নতুন বাংলো।

রিয়্যাল এস্টেট বিশেষজ্ঞদের মতে, মুম্বইয়ের অভিজাত এলাকায় জমির তীব্র সঙ্কট এবং বাংলোর অপ্রতুল জোগানের কারণেই এই ধরনের সম্পত্তির মূল্য ক্রমাগত বাড়ছে। ফলে বলিউড তারকা থেকে শিল্পপতি— সকলের কাছেই এই ধরনের বাংলো এখন বিরল সম্পদ হিসেবেই বিবেচিত হচ্ছে।

By Paromita