এত দিন বিয়ে নিয়ে প্রশ্ন উঠলেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর উত্তর ছিল, ‘‘কী জন্য করব?’’ কখনও আবার বলেছেন, কাজ, বই আর পোষ্যদের নিয়েই দিব্যি আছেন। ব্যক্তিজীবনকে বরাবরই আড়াল রেখেছেন নায়িকা। সেই মিমি কি এ বার সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? টলিপাড়ায় অন্তত তেমনই গুঞ্জন।
শোনা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই চারহাত এক হবে। বিয়ের আসর বসতে পারে পাহাড়ের শহর কালিম্পঙে। ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই নিমন্ত্রণের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলেও খবর। যদিও মিমির তরফে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
তবে গুঞ্জনের কেন্দ্রে শুধু বিয়ের দিনক্ষণ নয়, পাত্রও। টলিপাড়ার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলেই খবর। শোনা যাচ্ছে, নায়িকার হবু স্বামী পেশায় নৌসেনার আধিকারিক।
মিমির প্রেমজীবন নিয়ে অবশ্য এর আগে কম আলোচনা হয়নি। সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় নানা গুঞ্জন শোনা গেলেও মিমি নিজে সেগুলিকে কখনও বিশেষ গুরুত্ব দেননি। বরং বারবার জানিয়েছেন, কাজের বাইরে তাঁর সময় কাটে পরিবার, বই এবং পোষ্যদের সঙ্গে।
কয়েক বছর আগে বিয়ে নিয়ে প্রশ্নের উত্তরে মিমি জানিয়েছিলেন, বিয়ে করতে হলে আগে তো পাত্র খুঁজতে হবে, তার জন্য দেখা-সাক্ষাৎও করতে হবে— সেটুকু করার সময়ও নাকি তাঁর নেই। সেই ‘ব্যস্ত’ মিমির জীবনেই তবে এ বার চুপিসারে এসেছেন কেউ!
বিয়ের আগে নাকি নভেম্বরেই হবে আংটিবদল। তা হলে কি বলিউডি কায়দায় স্বামীর সঙ্গে সকলের আলাপ করিয়ে দেবেন নায়িকা? এই প্রশ্নও ঘুরছে চারিদিকে। আপাতত নায়িকা মুখে এঁটেছেন কুলুপ। সবটাই ক্রমশ প্রকাশ্য।
