গণেশ চতুর্থীতে ভক্তিতে মগ্ন দেব-জিৎ, তারকাদের ঘরে উৎসবের আমেজ

লাল ফুলে মোড়া চারিদিক। বাড়ি জুড়ে উৎসবের সাজ। কোথাও পুজোর প্রস্তুতি, কোথাও আবার প্রার্থনায় মগ্ন তারকা। গণেশ চতুর্থীর সকালটা এ ভাবেই কাটল টলিপাড়ার দুই জনপ্রিয় নায়ক দেব এবং জিৎ-এর। প্রতি বছরের মতো এ বারও নিজের বাড়িতে গণেশপুজোর আয়োজন করলেন দেব। অন্য দিকে, পুজোর সাজে গণেশের আরাধনায় দেখা গেল জিৎকেও।

গণেশ চতুর্থী মানেই যেন উৎসবের মরসুমের প্রথম ঘণ্টা। ঢাকে কাঠি পড়ে যায়। তার পর একে একে আসে বিশ্বকর্মাপুজো, দুর্গাপুজো। ফলে গণেশপুজোর দিনটিতেও টলিপাড়ায় উৎসবের আমেজ। পরিবারের সঙ্গে যে কোনও উৎসব পালন করতে পছন্দ করেন জিৎ। কখনও পরিবারের সঙ্গে ছাদে ঘুড়ি ওড়ানো, কখনও ঘরোয়া আয়োজনে উৎসব উদ্‌যাপন— নায়কের জীবনে পরিবার বরাবরই গুরুত্বপূর্ণ। এ বার গণেশ চতুর্থীর সকালেও সেই ছবিই ধরা পড়ল।

হালকা হলুদ পাঞ্জাবিতে এ দিন বেশ অন্য মেজাজে দেখা গেল জিৎকে। ঝলমলে তারকাসুলভ উপস্থিতির বদলে পুজোর মুহূর্তে নায়ক ছিলেন অনেকটাই শান্ত, একাগ্র। গণেশের সামনে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন জিৎ। উৎসবের আড়ম্বরের মধ্যেও যেন নিজের মতো করে কয়েকটা মুহূর্ত খুঁজে নিয়েছিলেন তিনি।

দেবের গণেশপুজোর ছবিটাও কম আকর্ষণীয় নয়। এক সময়ে নিজের অফিসেই গণেশপুজোর আয়োজন করতেন অভিনেতা। পরে বদলেছে সেই রীতি। গত কয়েক বছর ধরে নিজের বাইপাস সংলগ্ন বাড়িতেই ধুমধাম করে গণেশপুজো করেন দেব। এ বারও বাড়ির সাজে ছিল উৎসবের ছোঁয়া। রং-বেরঙের সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন অভিনেতা। পাশে তাঁর বাবা, সাদা ধুতি-পাঞ্জাবিতে। পুজোর সময়ে একমনে গণেশের আরতি করতে দেখা গেল দেবকে।

By Paromita