পর্দায় ফিরছে বিজয় সালগাঁওকর। ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় এবং শেষ ছবি নিয়ে বড়পর্দায় ফিরছেন অজয় দেবগন। ২৪ অগস্ট ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করে নাম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। ‘দৃশ্যম দ্য কনক্লুশন’ নামে এই ছবিটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। দুই পর্বে রহস্য, গোপন তথ্য এবং পরিবারের নিরাপত্তার জন্য বিজয়ের একের পর এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ দেখার পরে, এ বার সামনে আসবে তার গল্পের শেষ অধ্যায়।
২৪ অগস্ট ‘দৃশ্যম দ্য কনক্লুশন’-এর প্রথম পোস্টার প্রকাশ করেন অজয়। তাতে লেখা রয়েছে, “আমার সত্য, আমার বাস্তব, শুধুমাত্র আমার পরিবার”। অর্থাৎ, তাঁর সত্য, তাঁর অধিকার এবং তাঁর কাছে সবকিছুর ঊর্ধ্বে তাঁর পরিবার। বিজয়ের মানসিকতাকে এই একটা বাক্যই যেন তুলে ধরে।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেই প্রকাশ পেয়েছিল ছবিটির প্রথম ঝলক। সেখানে নেপথ্যে অজয়ের কণ্ঠে বিজয়ের মানসিক অবস্থার আভাস মিলেছিল। বিজয়কে বলতে শোনা যায় যে, গোটা দুনিয়া তাকে অপরাধী, খুনি, প্রতারক, ঠগ, নায়ক, নির্দোষ, নায়ক, বাবা বা বুদ্ধিদীপ্ত— নানা নামে চেনে। কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। গত সাত বছরে ঘটে যাওয়া ঘটনা এবং নিজের কাজ থেকে সে একটি বিষয় বুঝেছে— এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সত্য এবং অধিকার আলাদা। আর তার সত্য ও অধিকার হল তার পরিবার। যতক্ষণ কঠিন পরিস্থিতির অবসান না হচ্ছে, ততক্ষণ সে দরজা আগলে, শক্ত দেওয়ালের মতো দাঁড়িয়ে থাকবে।
এই ছবির পরিচালনায় ফিরেছেন অভিষেক পাঠক। এই ফ্র্যাঞ্চাইজ়ির কেন্দ্রীয় চরিত্র বিজয়— গোয়ার এক সাধারণ, শান্ত স্বভাবের পারিবারিক মানুষ। বাড়িতে একটি খুনের ঘটনা ঘটার পর নিজের পরিবারকে আইনের হাত থেকে বাঁচাতে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগায় সে। সেই থেকেই শুরু হয় একের পর এক রহস্যে ভরা গল্প।
তৃতীয় ছবিতেও পুলিশ আধিকারিক মীরা দেশমুখের চরিত্রে দেখা যাবে তব্বুকে। শ্রিয়া সরন ফিরবেন নন্দিনী হিসেবে। রজত কপূরকেও দেখা যাবে আবার। পাশাপাশি প্রকাশ রাজ এবং জয়দীপ অহলাওয়তকে নতুন চরিত্রে দেখা যাবে। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে।
