মঙ্গলবার পদ্মসম্মানে ভূষিত হন অলকা ইয়াগনিক। অনুষ্ঠানের পর তাঁকে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়ার দৃশ্য ভাইরাল হতেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে অনুরাগীদের উদ্বেগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে অলকা বলেন, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং ধীরে ধীরে আরও সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।
গায়িকার কথায়, “অনুষ্ঠানের ভিডিও দেখে অনেকেই উদ্বিগ্ন হয়েছেন। তাঁদের জানাতে চাই, আমি এখন ভালো আছি। পদ্মসম্মান অনুষ্ঠানে দীর্ঘ সময় উপস্থিত থাকার কারণে আমি ক্লান্ত বোধ করছিলাম। তাই বেরোনোর সময় একটি হুইলচেয়ারের অনুরোধ করেছিলাম।”
তিনি আরও জানান, উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সকলের প্রার্থনা ও শুভেচ্ছার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অলকা বলেন, “এখন আমি যথেষ্ট সুস্থ বোধ করছি। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য আমি চিরকৃতজ্ঞ।”
এর আগে বুধবারও একটি দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছিলেন অলকা। সেখানে তিনি জানান, গত প্রায় দু’বছর ধরে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে কিছুটা আড়ালে রয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালে গায়িকা নিজেই জানিয়েছিলেন যে তিনি একটি বিরল শ্রবণজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন। তার প্রভাব পড়েছে তাঁর শ্রবণশক্তির ওপর। এর ফলে তাঁর সংগীতজীবনও প্রভাবিত হয়েছে।
পদ্মসম্মান প্রাপ্তির জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রক এবং ভারত সরকারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিল্পী। তিনি বলেন, “এই সম্মান আমার কাছে অত্যন্ত গর্বের। আসুন, আমরা সকলে মিলে এই আনন্দের মুহূর্ত উদ্যাপন করি।”
