অবশেষে চার হাত এক হল দক্ষিণী সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্র ও সানরাইজার্স হায়দ্রাবাদের সিইও কাব্য মারানের। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে বিয়ের পর নিজেদের বিশেষ মুহূর্তের একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন তাঁরা। প্রথমে বাগ্দানের এবং পরে বিয়ের ছবি প্রকাশ করেন অনিরুদ্ধ। নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যায় ভাসেন তাঁরা।
আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধনে সাজানো বিয়ের পোশাকে নজর কেড়েছেন অনিরুদ্ধ ও কাব্য। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত এবং তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। অতিথিদের উপস্থিতিতে নবদম্পতির জমকালো প্রবেশের ছবিও প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, মহেন্দ্র সিং ধোনি, নীতি মোহন, অরমান মালিক, সেলিম মার্চেন্ট-সহ বিনোদন ও ক্রীড়াজগতের বহু পরিচিত মুখ।
সূত্রের খবর, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে নবদম্পতির প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। সেখানে বিনোদন, ক্রীড়া ও রাজনৈতিক জগতের একাধিক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিয়ের অনুষ্ঠানের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেননি অনিরুদ্ধ ও কাব্য।
