টেলিপাড়ায় তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা নতুন নয়। একসঙ্গে ধারাবাহিকে কাজ করার পর থেকেই নাকি অভিনেতা সাহেব ভট্টাচার্য এবং অভিনেত্রী সুস্মিতা দে-র মধ্যে বিশেষ ঘনিষ্ঠতা হয়েছে। এবার নাকি আইনি বিয়ে সারতে চলেছেন এই জুটি।
এই মুহূর্তে দু’জনেই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত। সাহেব ব্যস্ত নতুন ধারাবাহিক ‘গঙ্গা’-র শুটিংয়ে, অন্যদিকে সুস্মিতারও নতুন প্রজেক্টের কাজ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই কি তবে বিয়ের পরিকল্পনা?
এই প্রসঙ্গে সাহেব বলেন, “এই ধরনের কোনও ঘোষণা আমরা করেছি বলে আমার মনে পড়ছে না। খুব শীঘ্রই এমন কোনও পরিকল্পনা রয়েছে কিনা, সেটাও আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। অন্তত আমার তরফে তেমন কিছু নেই।”
উল্লেখ্য, নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনওই মুখ খোলেননি এই জুটি। বরাবরই তাঁরা একে অপরকে ভালো বন্ধু বলেই পরিচয় দিয়েছেন। তবে ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, দুই পরিবারের মধ্যেও নাকি যথেষ্ট ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। মাঝেমধ্যেই সাহেবের পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যায় সুস্মিতাকে। ফলে তাঁদের বিয়ের জল্পনা আরও জোরালো হয়েছে।
