ভারতীয় নিষেধাজ্ঞায় কোনও আক্ষেপ নেই আতিফের! 

প্রায় এক দশক ধরে ভারতে নতুন গান প্রকাশ করেননি পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন ও পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞার কারণে বলিউডে তাঁর কাজের সুযোগ বন্ধ রয়েছে। তবে তাঁর প্রতি ভারতীয় শ্রোতাদের ভালোবাসা এখনও অটুট বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আতিফ জানান, নানা উপায়ে ভারতীয় অনুরাগীরা তাঁর গান শুনছেন। কেউ ভিপিএন ব্যবহার করছেন, আবার কেউ সিডি কপি করে অন্যদের দিচ্ছেন। যদিও তিনি পাইরেসিকে সমর্থন করেন না বলেও স্পষ্ট করেছেন। তাঁর মতে, সঙ্গীতকে সীমান্ত দিয়ে আটকে রাখা কঠিন।

ভারতে কাজের সুযোগ বন্ধ হওয়াকে অবশ্য নেতিবাচকভাবে দেখছেন না আতিফ। বরং বলিউডে কাজের অভিজ্ঞতা তাঁকে অনেক কিছু শিখিয়েছে এবং পরবর্তী সময়ে নিজের সঙ্গীত তৈরিতে আরও মনোযোগী হতে সাহায্য করেছে বলে জানান তিনি।

‘তু জানে না’, ‘পেহলি নজর মে’, ‘জিনা জিনা’, ‘তেরে হোনে লাগা হুঁ’ ও ‘ওহ লমহে ওহ বাতে’-এর মতো গানের মাধ্যমে ভারতীয় শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন আতিফ। ২০১৮ সালের ‘ও সাথী’ ছিল তাঁর গাওয়া শেষ দিকের বলিউড গানগুলোর একটি।

By Durgasree Mitra