আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে ফের সাফল্য বাঙালি পরিচালক অনুপর্ণা রায়ের। ভেনিস চলচ্চিত্র উৎসবে তাঁর দ্বিতীয় ছবি ‘লাভার্স ইন দ্য ব্লু নাইট’ জিতেছে ‘নেটপ্যাক অ্যাওয়ার্ড’। মুম্বইয়ের রাতের জীবন ও প্রান্তিক মানুষের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে তৈরি বহুভাষিক এই ছবিতে রয়েছে হিন্দি, মারাঠি ও বাংলার ব্যবহার।
এর আগেও ভেনিসে পুরস্কৃত হয়েছে অনুপর্ণার প্রথম ছবি ‘সংস অফ ফরগটেন ট্রিজ’। ছবিটি ‘অরিজন্তি’ বিভাগে সম্মান পায়। আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও সেন্সর সংক্রান্ত জটিলতায় ছবিটির মুক্তি আটকে যায়।
পুরুলিয়ার নিতুড়িয়ার বাসিন্দা অনুপর্ণা স্থানীয়দের কাছে ‘মাম্পি’ নামেই পরিচিত। রানিপুর হাইস্কুলে পড়াশোনার পর মামা নীলোৎপল সিংহের কাছে ইংরেজি সাহিত্য ও ভারতীয় সংস্কৃতির পাঠ নেন তিনি। পরে কর্পোরেট চাকরি ছেড়ে সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন। পুরুলিয়ার পুঞ্চার ন’পাড়ায় প্রথম ছবির শুটিং শুরু করেছিলেন তিনি। সেখান থেকেই শুরু, আর আজ আন্তর্জাতিক চলচ্চিত্রের মঞ্চে একের পর এক সাফল্য—অনুপর্ণার এই যাত্রা নতুন করে নজর কেড়েছে।
