ইঙ্গিতপূর্ণ পোস্টে ফের চর্চায় সলমন, ‘অল্পে খুশি ছিলাম, বেশি পেয়ে দুঃখ কেন?’—বার্তার নেপথ্যে কী?

এমনিতে প্রায়ই শিরোনামে থাকেন বলিউড তারকা সলমন খান। তার উপরে বিগত কিছু দিন ধরে অনুরাগীরা তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে। সেই আবহে সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে ফের আলোচনায় অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি রিল ভাগ করে নিয়েছেন ৬০ বছর বয়স্ক অভিনেতা। তাঁর পোস্টের অর্থ কী, তা নিয়ে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

সলমন সাধারণত কোনও দার্শনিক উদ্ধৃতি পোস্ট করেন না। এমনকি, নিয়মিত অন্যের রিলও শেয়ার করতে দেখা যায় না তাঁকে। তাই তাঁর সাম্প্রতিক পোস্টটি বিশেষ ভাবে নজর কেড়েছে। একটি শেয়ার করা রিলে লেখা ছিল, “যখন অল্প পেয়েছিলাম, তখন খুশি ছিলাম। এখন বেশি পাচ্ছি, তাতে দুঃখ কেন? যা আমি কাল চেয়েছিলাম, আজ তা পাওয়ার পরে অপ্রয়োজনীয় কেন হয়ে উঠল?”

মূলত সুখ, প্রত্যাশা, প্রাপ্তি এবং চাহিদার পরিবর্তন নিয়েই এই বার্তা। জীবনে কোনও কিছু পাওয়ার আগে সেটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়। কিন্তু সেই জিনিসটি পাওয়ার পর অল্প সময়ের মধ্যেই তার প্রতি অভ্যস্ত হয়ে পড়ি এবং নতুন কিছুর আকাঙ্ক্ষা তৈরি হয়— এমনই এক ভাবনার প্রতিফলন রয়েছে ওই পোস্টে। তবে গণেশ চতুর্থীর আবহে ঠিক কী কারণে এমন পোস্ট নিজের স্টোরিতে ভাগ করলেন সলমন, সে বিষয়ে কোনও ব্যাখ্যা দেননি অভিনেতা। ফলে তাঁর পোস্টের নেপথ্যে কোনও বিশেষ ঘটনা রয়েছে কি না, তা নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এই মুহূর্তে ‘বিগ বস্‌ ২০’-র সঞ্চালকের ভূমিকায় রয়েছেন সলমন। ৬ সেপ্টেম্বর শুরু হয়েছে নতুন সিজ়ন। এ বার ১৬ জন প্রতিযোগী প্রবেশ করেছেন বিগ বস্‌-এর ঘরে। অন্য দিকে, অভিনেতার হাতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট। ‘মাতৃভূমি’ ছবিতে চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে দেখা যাবে তাঁকে। ছবিটি চলতি বছরে মুক্তি পাওয়ার কথা। এ ছাড়াও প্রযোজক দিল রাজুর সঙ্গে তাঁর আসন্ন অ্যাকশন ছবির নাম ‘মনস্টার’ বলে খবর। এই প্যান-ইন্ডিয়া ছবিতে সলমনের সঙ্গে রয়েছেন নয়নতারা। ছবিটি ২০২৭ সালের ইদে মুক্তি পাওয়ার কথা।

By Paromita