নতুন স্বাদ ও অভিনব পদে ক্যাফে আকাসার ইনফ্লাইট মেনু

আকাসা এয়ার তাদের অনবোর্ড ফুড পরিষেবা ‘ক্যাফে আকাসা’-য় নতুন মেনু চালু করেছে। ২০২২ সালের আগস্টে পরিষেবা শুরুর পর এটি চতুর্থ মেনু। এতে রয়েছে পরিচিত ভারতীয় স্বাদ, আন্তর্জাতিক পদ, প্রোটিনসমৃদ্ধ খাবার ও স্বাস্থ্যসচেতন বিকল্প।
নতুন মেনুতে রয়েছে চিকেন পুলিমুঞ্চি সুশি, ভিয়েতনামিজ চিকেন স্যালাড, আমের আচার-স্বাদের রেলিশসহ গ্রিলড চিকেন স্টেক, এশিয়ান চিকেন স্যান্ডউইচ, জৈন খাদ্যাভ্যাসের উপযোগী তন্দুরি সোয়া র্যা প এবং শিশুদের জন্য কিডস স্কাই ট্রিটস কম্বো। পানীয়ের তালিকায় রয়েছে হিমালয়ের সি বাকথর্ন বেরি দিয়ে তৈরি পেপিং সি বাকথর্ন, সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফি ও চিনি ছাড়া কফি। পাশাপাশি রয়েছে হালকা স্ন্যাকস ও পুষ্টিকর খাবার।
সংস্থার চিফ মার্কেটিং অফিসার নারায়ণ টি ভি জানান, যাত্রার প্রতিটি মুহূর্ত স্মরণীয় করে তোলাই তাঁদের লক্ষ্য। নতুন মেনুতে ভারতীয় ও আন্তর্জাতিক রান্নার পাশাপাশি স্বাস্থ্যসচেতন ও মুখরোচক খাবারের বিকল্প রাখা হয়েছে।
মকর সংক্রান্তি, ভ্যালেন্টাইন্স ডে, হোলি, ঈদ, মাদার’স ডে, আন্তর্জাতিক যোগ দিবস, নভরোজ, ওনম, গণেশ চতুর্থী, দুর্গাপুজো, দশেরা, দেওয়ালি ও বড়দিনে বিশেষ খাবার পরিবেশন করা হয়। জন্মদিন বা অন্য বিশেষ উপলক্ষ্যে যাত্রীরা আগাম কেকও বুক করতে পারবেন।
পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ক্যাফে আকাসার পচনশীল খাবারের প্যাকেজিং ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য ও কাগজ-ভিত্তিক। সংস্থার দাবি, এতে ব্লিচ বা অপটিক্যাল ব্রাইটেনিং এজেন্ট (ওবিএ) ব্যবহার করা হয় না। কাঠের কাটলারিও জৈবভাবে পচনশীল।
নতুন মেনুটি আকাসা এয়ারের গোটা নেটওয়ার্কে উপলব্ধ। যাত্রীরা www.akasaair.com, মোবাইল অ্যাপ ও শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্টদের মাধ্যমে আগাম খাবার বুক করতে পারবেন।

By Business Bureau