‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে জল্পনার অবসান, দ্বিতীয় পর্বের পরিকল্পনা জানালেন অয়ন

‘ব্রহ্মাস্ত্র ২’ আদৌ তৈরি হবে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। এবার সেই জল্পনার অবসান ঘটালেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ছবির দ্বিতীয় পর্ব তৈরির পরিকল্পনা রয়েছে। তবে এবারের গল্পে ভারতীয় সংস্কৃতি, পুরাণ ও আধ্যাত্মিকতার ছাপ আরও স্পষ্ট করতে চান তিনি।

২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান – শিবা’। রণবীর কাপুর ও আলিয়া ভট্ট অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুন। বিশেষ উপস্থিতি ছিল শাহরুখ খানেরও। ভারতীয় পুরাণ ও কল্পবিজ্ঞানের মিশেলে তৈরি ছবিটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল।

সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথম পর্বের প্রতিক্রিয়া নিয়ে মুখ খোলেন অয়ন। তাঁর মতে, দর্শকদের সমালোচনাকে গুরুত্ব দেওয়া উচিত। কোনও ছবির খামতি নিয়ে দর্শকেরা প্রশ্ন তুললে তা সম্মানের সঙ্গে গ্রহণ করে ভবিষ্যতের কাজে উন্নতি করা প্রয়োজন।

পরিচালক জানান, প্রথম ছবির পরিকল্পনার সময় ‘হ্যারি পটার’ ও ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-এর মতো হলিউড ছবির প্রভাব ছিল তাঁর ভাবনায়। তবে কাজ এগোনোর সঙ্গে সঙ্গে ভারতীয় পুরাণ ও আধ্যাত্মিকতার প্রতি তাঁর আগ্রহ বাড়ে। সেই কারণেই ছবির নাম ‘ড্রাগন’ থেকে বদলে রাখা হয় ‘ব্রহ্মাস্ত্র’।

প্রথম থেকেই এই ছবিকে ট্রিলজি হিসেবে তৈরির পরিকল্পনা ছিল। দ্বিতীয় পর্বের নাম রাখা হয়েছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট টু – দেব’। তবে বাজেটের কারণে প্রথম ছবির সঙ্গে দ্বিতীয় পর্বের শুটিং একসঙ্গে করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অয়ন।

দ্বিতীয় পর্বে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও গভীরভাবে তুলে ধরতে চান পরিচালক। তবে ছবির শুটিং কবে শুরু হবে বা কবে মুক্তি পাবে, তা এখনও ঘোষণা করা হয়নি।

By Durgasree Mitra