৪ মে, সোমবার প্রিয় পোষ্য লাকিকে হারিয়েছেন অভিনেতা দেব। সেই থেকেই মন ভালো নেই তাঁর। শুক্রবার লাকির জন্য বিশেষ পুজোর আয়োজন করলেন তিনি।
পুজোর কিছু মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। সঙ্গে দেখা যায় আরেক পোষ্য হ্যাপির সঙ্গে কাটানো মুহূর্তও।
বড় করে বাঁধানো লাকির ছবির সামনে সাজানো পুজোর সামগ্রী। রয়েছে ভাত, মাংস, রসগোল্লা সহ লাকির পছন্দের ‘ট্রিট’। প্রিয় পোষ্যের মঙ্গল কামনায় পুজোর ব্যবস্থা করেছিলেন অভিনেতা। ছবি ভাগ করে নিয়ে দেব লেখেন, “তুমি যেখানেই থেকো, ভালো থেকো লাকি।”
কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, আচমকাই লাকির মৃত্যু হয়। সকালে কাজে বেরোনোর সময়েও সুস্থ ছিল সে। রাতে ফিরে এসে জানতে পারেন, আর নেই লাকি। সফল অস্ত্রোপচারের পরেও এই ঘটনা। এই ঘটনায় ভেঙে পড়েন অভিনেতা।
