প্রকাশ্যে ‘অনুমানের ভিত্তিতে’ ছবির ‘লুক’

দীর্ঘ আট বছর পর ফের পরিচালনায় ফিরছেন অভিজ্ঞান মুখোপাধ্যায়। ছবির নাম ‘অনুমানের ভিত্তিতে’। অভিনয়ে রয়েছেন শ্রীলেখা মিত্র, লিলি চক্রবর্তী, অমৃতা চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য, শঙ্কর চক্রবর্তী-সহ আরও অনেকে।

চারটি ছোটগল্প নিয়ে ‘অ্যান্থলজি’ বানাচ্ছেন পরিচালক। তার একটি গল্পের মুখ্য চরিত্রে দেখা যাবে শ্রীলেখাকে। ‘অনুমানের ভিত্তিতে’ একটি পারিবারিক গল্প। বাস্তব জীবনে স্বাবলম্বী হওয়ার জন্য প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছে মানুষ। সেই ‘স্বনির্ভরতা’র অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলবে এই ছবি।

ইতিমধ্যেই প্রকাশ্যে, ছবির প্রথম লুক। একদম সাদামাটা লুকে হাজির চরিত্ররা। এই ছবিতে অভিনেতা দেবদত্ত ঘোষ সহ দেখা যাবে আরও বেশ কিছু মঞ্চাভিনেতাকে। ছবির শুভমুক্তির অপেক্ষায় অনুরাগীরা।

By Durgasree Mitra