মস্তক মুণ্ডন করলেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা? সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একগুচ্ছ ছবি ঘিরে তৈরি হয়েছে এমনই আলোচনা। নয়নতারার হাতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ছবি। যশের সঙ্গে বহু প্রতীক্ষিত ‘টক্সিক’ মুক্তি পাবে শীঘ্রই। এর মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে নয়নতারার কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, তিরুমালায় গিয়ে মাথা পুরো ন্যাড়া করে ফেলেছেন অভিনেত্রী! সত্যিই কি তাই?
ছবিগুলি ছড়িয়ে পড়তেই দাবি করা হয়, ‘টক্সিক’ মুক্তির আগে তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন নয়নতারা। তবে সেই দাবি সত্যি নয়। ভাইরাল ছবিগুলি আসল নয়। বরং প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে এই ছবিগুলি।
ছবিতে দেখা যাচ্ছে, নয়নতারার মাথায় একটিও চুল নেই। ছবিগুলি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করতে শুরু করেন, মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন অভিনেত্রী। পরে ছবিগুলি খতিয়ে দেখে নেটাগরিকদের একাংশ বুঝতে পারেন, সেগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা হয়েছে।
ভাইরাল হওয়া ছবিগুলি চলতি বছরের এপ্রিল মাসে তিরুমালা সফরের সময়ে তোলা হয়েছিল। সে সময়ে স্বামী বিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন নয়নতারা। সেই ছবিগুলিতে তাঁর মাথায় চুল ছিল। ভাইরাল ছবিতে অভিনেত্রীর পোশাক এবং কানের দুল একই রাখা হলেও কৃত্রিম ভাবে তাঁর চুল ‘মুছে’ দিয়ে মাথা ন্যাড়া দেখানো হয়েছে। এর থেকেই স্পষ্ট, এই ছবিগুলি ভুয়ো।
উল্লেখ্য, ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’ ছবিতে নয়নতারাকে দেখা যাবে ‘গঙ্গা’ চরিত্রে। ছবিতে এটি তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। ছবির প্রথম ঝলক প্রকাশের পরে গঙ্গার চরিত্রটিকে ঘিরে কৌতূহল আরও বেড়েছে। পরিচালক গীতু মোহনদাসও জানিয়েছেন, এই চরিত্রে নয়নতারার অভিনয়ে দর্শক তাঁর এক অন্য রূপ দেখতে পাবেন। শোনা যাচ্ছে, যশের দিদির চরিত্রে দেখা যাবে তাঁকে। যশের সঙ্গে এই ছবিতেই প্রথম বার কাজ করছেন নয়নতারা। ছবির ঝলকেও তাঁর উপস্থিতি নজর কেড়েছে।
