কেমন আছেন জনপ্রিয় পপস্টার মাইকেল জ্যাকসনের উত্তরাধিকাররা? সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। ছবিতে মাইকেলের ভূমিকায় অভিনয় করেছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন। এই প্রেক্ষিতেই ফের শিরোনামে উঠে এসেছে জ্যাকসনের তিন সন্তানের কথা। দুই পুত্র প্রিন্স জ্যাকসন, বিগি জ্যাকসন এবং কন্যা প্যারিস জ্যাকসন সকলেই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত।
প্রিন্স জ্যাকসন
২৯ বছর বয়সী প্রিন্স বর্তমানে থাকেন লস অ্যাঞ্জেলসে। বাবার বায়োপিকে তিনি এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে শিশুদের জন্য একটি চ্যারিটি প্রোগ্রাম শুরু করেন তিনি। পাশাপাশি শিশুদের মানসিক সুস্থতার জন্য যোগব্যায়াম ও মাইন্ডফুলনেস কর্মসূচিও পরিচালনা করেন। মোটরবাইক সফর তাঁর নেশা। এছাড়া ইউটিউবে ভিডিও বানাতেও ভালোবাসেন।
প্যারিস জ্যাকসন
মডেলিং ও সঙ্গীত জগতের পরিচিত মুখ প্যারিস। বয়স ২৮ বছর। ইতিমধ্যে মুক্তি পেয়েছে তাঁর নতুন গান ‘জম্বিস ইন লাভ’। গানের পাশাপাশি অভিনয়ও করেন তিনি। কাজ করেছেন জনপ্রিয় টিভি সিরিজ ‘আমেরিকান হরর স্টোরিজ’-এ।
তবে বাবার বায়োপিকের সঙ্গে তিনি যুক্ত হননি। শুরু থেকেই ছবিটি নিয়ে নাকি আপত্তি ছিল তাঁর। হলিউড হিলসে বসবাসকারী প্যারিস মানসিক স্বাস্থ্য সচেতনতা ও ফ্যাশন জগতের কাজকে গুরুত্ব দিয়েছেন। বাবার পরিচয়ের বাইরে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতেই আগ্রহী প্যারিস।
বিগি জ্যাকসন
জ্যাকসন পরিবারের কনিষ্ঠ সন্তান বিগি। পূর্বনাম ছিল ‘ব্ল্যাঙ্কেট’। চলচ্চিত্র পরিচালনার কাজে যুক্ত ২৪ বছরের এই তরুণ। তাঁর পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি ‘রোশেলস’ সান্তা মনিকা উৎসবে বিশেষ সম্মান জিতেছে। ক্যালিফোর্নিয়ার ক্যালাবাসাসে থাকেন তিনি। বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। কৈশোরে তিনি নিজের নাম পরিবর্তন করে ‘বিগি’ রাখেন। দুই ভাইবোনের তুলনায় অনেকটাই ব্যক্তিগত জীবন কাটাতে পছন্দ করেন বিগি।
মাইকেলের পুত্র-কন্যাদের চেনেন?
