মাধ্যমিকে নজর কাড়লেন ‘সারেগামাপা’ খ্যাত আরাত্রিকা

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর রাজ্যজুড়ে খুশির আবহ তৈরি হয়েছে। এই আবহের মধ্যেই বিশেষভাবে নজর কেড়েছেন ‘সা রে গা মা পা’ খ্যাত খুদে সঙ্গীতশিল্পী আরাত্রিকা সিনহা। গানের পাশাপাশি পড়াশোনাতেও ভালো ফল করেছেন তিনি।

ফল প্রকাশের পর নিজের সোশ্যাল মিডিয়ায় ‘৫০১’ লিখে একটি পোস্ট করেন আরাত্রিকা। এরপরই অনুরাগীরা বুঝতে পারেন, মাধ্যমিক পরীক্ষায় তিনি মোট ৫০১ নম্বর পেয়েছেন। শতাংশের হিসেবে যা প্রায় ৭১.৫৭।

মূলত বাঁকুড়ার বাসিন্দা আরাত্রিকা ছোটবেলা থেকেই সঙ্গীতের সঙ্গে যুক্ত। খুব কম বয়সেই তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নেন। তাঁর সুরেলা কণ্ঠ দর্শক ও বিচারকদের মন জয় করেছিল। গানের পাশাপাশি পড়াশোনাতেও যে তিনি সমান মনোযোগী, তা তাঁর মাধ্যমিকের ফলাফলেই স্পষ্ট। আরাত্রিকার এই সাফল্যে ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।

By Durgasree Mitra