এআই দিয়ে কণ্ঠস্বর নকল করে ভুয়ো ভিডিয়ো, ‘জেলে ঢোকানো উচিত’: বিগ বস্‌-এ উদ্বেগ সলমনের

‘বিগ বস্‌ ২০’-র সাপ্তাহান্তিক পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বলিউড তারকা সলমন খান। গত সপ্তাহে ছবিশিকারি, চেহারা নিয়ে কটাক্ষ এবং সমালোচনা প্রসঙ্গে সরব হয়েছিলেন অভিনেতা। আর এই সপ্তাহে তাঁর আলোচনার বিষয় হয়ে উঠল কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান অপব্যবহার। সমাজমাধ্যমে যে সমস্ত ভিডিয়ো বা ছবি ভাগ করে নেওয়া হয়, সেগুলি ক্ষেত্রে আরও কড়া আইন ও নিয়ন্ত্রণের প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

সলমন বোঝান, এআই বা প্রযুক্তি ব্যবহার করে কারও কণ্ঠস্বর নকল করা এবং বিভ্রান্তিকর ভিডিয়ো তৈরি করা সম্ভব। এ ধরনের ভিডিয়ো কী ভাবে সংশ্লিষ্ট ব্যক্তির সমস্যার কারণ হয়ে উঠতে পারে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অভিনেতার কথায়, এআই দিয়ে তৈরি করে কারও কণ্ঠস্বর ব্যবহার করে তাঁকে দিয়ে আপত্তিকর বা নোংরা কথা বলানো যেতে পারে। উদাহরণ দিয়ে সলমন বলেন, “ধরুন, কেউ আপনার এআই কণ্ঠস্বর নিয়ে ‘ডাব’ করে কাউকে গালাগাল দিয়ে দিল!”

তিনি আরও ব্যাখ্যা করেন, অনেক সময় মানুষ বুঝতেই পারেন না যে কোনও ভিডিয়ো ভুয়ো বা প্রযুক্তি দিয়ে তৈরি। ফলে সেটি সত্যি ভেবে সমাজমাধ্যমে নিজেরাও ছড়িয়ে দেন। যাঁরা জেনেশুনে এই ধরনের ভুয়ো ভিডিয়ো তৈরি করেন, তাঁদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন সলমন। তাঁর বক্তব্য, “ওই ধরনের মানুষদের জেলে ঢুকিয়ে দেওয়া উচিত।”

এআই-এর অপব্যবহার রুখতে আইনি পদক্ষেপের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন অভিনেতা। সলমনের কথায়, সমাজমাধ্যমে কী প্রকাশ করা যাবে, বা যাবে না সেই সংক্রান্ত নিয়ম আরও কঠোর হওয়া প্রয়োজন। জরুরি নিয়ন্ত্রণ।

উল্লেখ্য, ‘বিগ বস্‌ ২০’ থেকে দ্বিতীয় প্রতিযোগী হিস়াবে বাদ পড়েছেন বাদশার প্রাক্তন স্ত্রী ঈশা রিখী। কাজের দিক থেকে সলমনের হাতে রয়েছে একাধিক সিনেমা। চিত্রাঙ্গদা সিংহের সঙ্গে তাঁর ‘মাতৃভূমি’ ছবিটি এই বছরই মুক্তি পাওয়ার কথা। এ ছাড়াও প্রযোজক দিল রাজুর সঙ্গে সলমনের অ্যাকশন ছবির কাজ চলছে। নাম এখনও পর্যন্ত ‘মনস্টার’ বলে নির্ধারিত। এই ছবিতে সলমনের সঙ্গে রয়েছেন নয়নতারা। ছবিটি ২০২৭ সালের ইদে মুক্তি পাওয়ার কথা।

By Paromita