রণবীর সিংহ-এর অভিনয় নিয়ে আবারও চর্চা তুঙ্গে। একসময় ‘পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে ২১ দিনের জন্য গৃহবন্দি করেছিলেন তিনি। সেই পারফরম্যান্সে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন রণবীর। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এ তাঁর অভিনয় নাকি সেই সাফল্যকেও ছাপিয়ে গিয়েছে, এমনটাই দাবি অনুরাগীদের একাংশের।
এই প্রসঙ্গে মুখ খুলেছেন রণবীরের ব্যবসায়িক সঙ্গী নিকুঞ্জ বিয়ানি। রণবীরের কাছে কোন চরিত্রটি বেশি চ্যালেঞ্জিং ছিল? উত্তরে নিকুঞ্জ জানান, অভিনেতা নিজেই স্বীকার করেছেন যে ‘ধুরন্ধর’-এর চরিত্র তাঁকে আরও বেশি কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। নিকুঞ্জের কথায়, “রণবীর বলেছিল, শিল্পী হিসেবে এই চরিত্রটা ওর কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। ও এই চরিত্রের জন্য নিজের ৩০০ শতাংশ দিয়েছে।”
‘পদ্মাবত’-এ অভিনয়ের সময় বেশ কিছুদিন নিজেকে আড়ালে রেখেছিলেন রণবীর। এক পুরনো সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “গোরেগাঁওয়ের বাড়িতে আমি ২১ দিন নিজেকে বন্দি রেখেছিলাম। আলাউদ্দিন খিলজি চরিত্রটি আমার ব্যক্তিত্বের একেবারেই বিপরীত। তাই চরিত্রটিকে গড়ে তুলতে আমাকে অন্ধকারে থাকতে হয়েছিল।”
উল্লেখ্য, প্রেক্ষাগৃহে এখনও রমরমিয়ে চলছে রণবীর অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।
