দীপিকা পাড়ুকোন আপাতত দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। অন্তঃসত্ত্বা অবস্থার শেষ ভাগে রয়েছেন তিনি। কী ভাবে কাটছে দীপিকার রাতগুলো? ইঙ্গিত দিলেন অভিনেত্রী।
দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, এমনই শর্ত বেঁধে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তাঁর এমন শর্ত নিয়ে তোলপাড় বিনোদনজগতে। মেয়ে দুয়ার জন্মের পর থেকে বেশ কিছুটা অন্তরালেই দীপিকা। বার বার জানিয়েছেন, এখন তাঁর সবচেয়ে বড় দায়িত্ব হল দুয়া। যদিও কাজ, সংসার, সন্তান নিয়ে ব্যস্ততার মাঝে এপ্রিলে ফের মা হওয়ার খবর দেন দীপিকা। এই মুহূর্তে অন্তঃসত্ত্বা অবস্থার শেষ পর্যায়ে আছেন তিনি। কী ভাবে কাটছে দীপিকার রাতগুলো? মজার ছলে সেই ইঙ্গিত দিলেন অভিনেত্রী।
অভিনেত্রী মা হওয়ার পর থেকেই নানা ধরনের মজার মজার ভিডিয়ো পোস্ট করেন। দুয়ার সঙ্গে নানা মুহূর্ত কী ভাবে কাটাচ্ছেন তার ইঙ্গিত দেন। এ বার ফের অন্তঃসত্ত্বা তিনি। সমাজমাধ্যমে তিনি একটি ভি়ডিয়ো ভাগ করে নিয়েছেন। সেখানেই দেখা যাচ্ছে এক জন অন্তঃসত্ত্বা নারীর মধ্যরাতের অবস্থা। যেখানে তিনি টলমল পায়ে রাত তিনটের সময়ে শৌচালয়ের দিকে যাচ্ছেন। অন্তঃসত্ত্বা অবস্থার শেষ পর্যায়ে এই পরিস্থিতি বাস্তব চিত্র। তাই এই ভিডিয়ো পোস্ট করে নিজের বর্তমান অবস্থার ইঙ্গিত দিয়েছেন। শোনা যাচ্ছে, অক্টোবরেই নাকি ভূমিষ্ঠ হবে দীপিকার দ্বিতীয় সন্তান।
যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় শুটিং করছেন দীপিকা। এই মুহূর্তে তাঁর হাতে প্রচুর কাজ। চলছে শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবির কাজ। মুম্বইয়ের একটি স্টুডিয়োয় পরিচালক অ্যাটলির সঙ্গে ‘রাকা’ ছবির কাজ চলছে তাঁর। বিপরীতে ‘পুষ্পা’-খ্যাত নায়ক অল্লু অর্জুন। প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রোহিত শেট্টীর ‘সিংহম আগেন’ ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করেছিলেন তিনি। শারীরিক পরিস্থিতি যা-ই হোক না কেন, দীপিকা কখনও কাজ থামাননি। যদিও মা হওয়ার পরে বেশ কিছু দিন বিরতি নেবেন। সেই কারণেই নাকি হাতের সব কাজ সেরে নিতে চাইছেন।
