দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা?

দীর্ঘদিন পর আবারও মঞ্চে দেখা যাবে জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগ্নিককে। শ্রবণশক্তির সমস্যার কারণে দীর্ঘদিন ধরে গানের জগৎ থেকে দূরে রয়েছেন তিনি। এবার পরিচালক সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে মঞ্চে ফেরার সম্মতি দিয়েছেন এই গায়িকা।

সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ে আয়োজন করা হয়েছে বিশেষ সংগীত অনুষ্ঠান ‘কেয়া জামানা থা’। এই অনুষ্ঠানেই উপস্থিত থাকার কথা রয়েছে অলকার। গায়িকাকে আমন্ত্রণ জানাতে নিজেই তাঁর বাড়িতে গিয়েছিলেন সুভাষ ঘাই। অলকাও হাসিমুখে অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতি দেন। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন পরিচালক।

সুভাষ ঘাই লিখেছেন, অলকার কণ্ঠ, প্রাণশক্তি ও উজ্জ্বলতা এখনো আগের মতোই রয়েছে। আমন্ত্রণ জানালে হাসিমুখে তিনি বলেন, ‘আমি আসব।’ অলকার এই সম্মতিতে আনন্দিত পরিচালক ও তাঁর সহকর্মীরা।

উল্লেখ্য, ২০২৪ সালে ভাইরাস সংক্রমণের কারণে শ্রবণশক্তি হারানোর কথা জানিয়েছিলেন অলকা। এরপর থেকে শারীরিক সমস্যার কারণে গান ও জনসমক্ষে উপস্থিতি অনেকটাই কমিয়ে দেন তিনি। কয়েক মাস আগেও এক সাক্ষাৎকারে নিজের শারীরিক অসুবিধার কথা জানিয়েছিলেন গায়িকা। দীর্ঘ বিরতির পর আবারও তাঁকে মঞ্চে দেখার খবরে আনন্দিত অনুরাগীরা।

By Durgasree Mitra