‘বড় বাজেটের পুরুষকেন্দ্রিক ছবি ব্যর্থ হলে সমস্যা নেই, নারীদের ক্ষেত্রে অন্য মাপকাঠি’! কেন বললেন তাপসী?

তাপসী পন্নু এখন তাঁর নতুন ছবি ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত। এই ছবির প্রচারের মাঝেই নারীকেন্দ্রিক ছবির ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। বিশেষ করে কোনও বড় বাজেটের মহিলাপ্রধান ছবি ব্যর্থ হলে, তার প্রভাব কী ভাবে অন্য ছবিগুলির উপর পড়ে, সে কথাও জানিয়েছেন তিনি।

এক সাক্ষাৎকারে তাপসী জানান, আলিয়া ভট্ট অভিনীত ‘আলফা’ ছবির ব্যর্থতার প্রভাব তাঁর নিজের ছবির ক্ষেত্রেও পড়েছে। তাপসী জানান, নারীকেন্দ্রিক ছবির ক্ষেত্রে দর্শক এবং বিনিয়োগকারীদের প্রত্যাশা অনেক বেশি থাকে। কোনও ছবিতে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা হলে সেটি প্রায় নিখুঁত হতে হবে, এমনটাই ধরে নেওয়া হয়। তাপসী বলেন, ‘‘আমি একটা বিষয় লক্ষ করেছি। ইদানীং অনেকেই আমাকে এটা নিয়ে প্রশ্ন করছেন। কোনও মহিলা অভিনেত্রীকে নিয়ে অ্যাকশন ছবি তৈরি করা হলে, তখন সবাই প্রশ্ন করে, ‘ছবিটা কেন চলল না?’’’

এর পরেই পুরুষকেন্দ্রিক বড় বাজেটের ছবির সঙ্গেও তুলনা করেন তাপসী। তাঁর প্রশ্ন, ‘‘পুরুষপ্রধান ছবিতে এত টাকা বিনিয়োগ করা হয়। তার গল্প কি সব সময়ে অসাধারণ হয়? সেখানে কি সব সময় এত স্তর, এত সূক্ষ্মতা থাকে? অনেক সময় তো শুধু নায়ককে বড় করে দেখানো এবং চোখধাঁধানো অ্যাকশন দৃশ্যই থাকে।’’

তিনি আরও বলেন, ‘‘কোনও পুরুষপ্রধান ছবি যদি ২০-র মধ্যে ১৫ নম্বরও পায়, তা হলে সেটাও চলবে। কিন্তু আমাদের ক্ষেত্রে মাপকাঠিটাই আলাদা। কোনও মহিলাকেন্দ্রিক ছবিতে যদি এত টাকা বিনিয়োগ করা হয়, তখন প্রত্যাশা থাকে ১৯ বা ২০ নয়, আমাদের ২১ দিতে হবে। কোনও ভুল করা চলবে না। ফলে আমাদের ভুল করার সুযোগ খুবই কম। আমাদের ক্ষেত্রে সেই সুযোগটা প্রায় শূন্যের নীচে।’’ তাই আলিয়া ভট্টের ‘আলফা’ ভাল ফল না করার প্রভাব তাঁর ছবিতেও পড়ছে বলে দাবি তাপসীর।

By Paromita