চোট পেয়েছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সোমবার সন্ধ্যায় অভিনেতার কাঁধে চোট লাগে, তাঁর সহযোগী দলের তরফে এমনই জানানো হয়েছে। যদিও অনুরাগীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধও করা হয়েছে বিবৃতিতে।
জানানো হয়েছে, চোট পাওয়ার পরেই জুনিয়র এনটিআরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসক জে মধুসূদন রাও এবং চিকিৎসক আরএ পূর্ণচন্দ্র তেজস্বীর নেতৃত্বাধীন একটি দল অভিনেতাকে পরীক্ষা করে ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। বিবৃতিতে বলা হয়েছে, “স্বাস্থ্যপরীক্ষার পরে চিকিৎসকেরা অভিনেতাকে ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।”
জুনিয়র এনটিআরের দল আরও জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থার উপর চিকিৎসকদের কড়া নজর রয়েছে। প্রয়োজন অনুযায়ী অভিনেতার শারীরিক অবস্থার আপডেটও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অনুরাগীদের ধৈর্য ও নিরন্তর ভালবাসার জন্য ধন্যবাদও জানানো হয়েছে।
পরিচালক প্রশান্ত নীলের ছবি ‘ড্রাগন’-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন জুনিয়র এনটিআর। তবে এই চোট ওই ছবির সেটেই লেগেছে কি না, সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২২ সালে ‘ড্রাগন’ ছবির ঘোষণা করা হয়েছিল। ২০২৫ সালের ৯ অগস্ট হায়দরাবাদে ছবির শুটিং শুরু হয়। ছবিতে জুনিয়র এনটিআরের পাশাপাশি অভিনয় করছেন অনিল কপূর, বিজু মেনন, রুক্মিণী বসন্ত, খুশবু সুন্দর, গুরু সোমসুন্দরম, আশুতোষ রানা, অংশুমান পুষ্কর-সহ একাধিক অভিনেতা। ২০২৭-এর ১১ জুন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাওয়ার কথা।
