ছোটপর্দার আলোচিত কুইজ় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’। বহু বছর ধরে এই অনুষ্ঠান দেখেছে দর্শক। সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চনকে দেখেই অভ্যস্ত সকলে। কিন্তু এ বার নাকি এই অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মাধুরী দীক্ষিতকে। এই খবর ছড়াতে অনেকেই অবাক হয়েছেন। কারণ ইতিমধ্যেই অমিতাভ সঞ্চালিত অনুষ্ঠানের প্রচার-ঝলক এসেছে প্রকাশ্যে। তা হলে কী হল?
আসলে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মরাঠি সংস্করণে সঞ্চালিকা হিসাবে দেখা যাবে মাধুরীকে। এর আগে এই শোয়ের সঞ্চালকের আসনে দেখা গিয়েছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর এবং নাগরাজ মঁজুলের মতো অভিনেতাদের। মাধুরীর মাধ্যমে এই প্রথম কোনও মহিলা সঞ্চালকের দেখা মিলবে মরাঠি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে।
সদ্য প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের হিন্দি সংস্করণের প্রচার ঝলক।
সদ্য প্রকাশ্যে এসেছে এই অনুষ্ঠানের হিন্দি সংস্করণের প্রচার ঝলক। নিজেই সমাজমাধ্যমে নতুন দায়িত্বের কথা ঘোষণা করেছেন মাধুরী। তিনি লিখেছেন, এই অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে জীবনের বিশেষ এক অধ্যায়ে পা রাখছেন তিনি। জ্ঞান, স্বপ্ন এবং সম্ভাবনার সঙ্গে যুক্ত এই শোয়ের অংশ হতে পেরে তিনি উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন অভিনেত্রী। নতুন দায়িত্বে নতুন উদ্যম নিয়ে দর্শকের সামনে আসার অপেক্ষায় রয়েছেন তিনি।
মাধুরীর এই নতুন ইনিংস নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। সমাজমাধ্যমে তাঁর ঘোষণার পর একের পর এক শুভেচ্ছাবার্তা এসেছে। কেউ লিখেছেন, তাঁর দীর্ঘ কেরিয়ারে এটি আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক। কারও মতে, জ্ঞান, আত্মবিশ্বাস এবং মাধুরীর নিজস্ব ব্যক্তিত্ব— এই তিনের মিশেলে সঞ্চালকের ভূমিকায় তাঁকে দেখার অভিজ্ঞতা হতে চলেছে একেবারেই আলাদা। অনুষ্ঠান শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন বহু দর্শক।
