পড়ুয়াদের আন্দোলনে নেই কোনও প্রতিক্রিয়া! ক্যাটরিনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অনুরাগীদের

নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে যন্তর মন্তরে চলছে আন্দোলন। এই কেলেঙ্কারির দায় নিয়ে পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে, দাবি পড়ুয়াদের। সোনম ওয়াংচুকও অনশন চালিয়ে যাচ্ছেন। ঘটনা ঘিরে উত্তপ্ত রাজধানী দিল্লি। পড়ুয়াদের উপর লাঠিচার্জের অভিযোগও রয়েছে দিল্লি পুলিশের উপরে। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন বিনোদনজগতের অনেকেই। তবে এখনও নীরব বলিউডের প্রথম সারির কয়েকজন তারকা। তাঁদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কইফ। মুখ না খোলার জন্য কটাক্ষের শিকার হলেন তিনি।

আন্দোলনরত পড়ুয়াদের সমর্থনে মুখ না খোলায় অভিনেত্রী ক্যাটরিনা কইফের উপর ক্ষুব্ধ তাঁর অনুরাগীদের একাংশ। মঙ্গলবার ক্যাটরিনার একটি জনপ্রিয় ফ্যান পেজের অ্যাডমিন জানিয়েছেন, তাঁরা ইনস্টাগ্রামের সেই পেজ বন্ধ করে দিচ্ছেন। কারণ, তাঁদের মতে, “ভারতীয়দের পাশে দাঁড়ানোর সাহস যাঁর নেই, তাঁকে আর সমর্থন করতে চাই না।”

ওই ফ্যানপেজের তরফে এক বিবৃতিতে লেখা হয়েছে, “ছোটবেলা থেকে আমি আপনার ভক্ত। কিন্তু আমাদের মতো ভারতীয়দের জন্য এবং পড়ুয়াদের জন্যও আপনি একটি কথাও বললেন না। সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস আপনার নেই। আপনার খারাপ সময়ে আমরা সব সময় পাশে ছিলাম, অথচ আপনি আমাদেরই হতাশ করলেন। তাই আমি আপনাকে আনফলো করছি এবং এই ফ্যান পেজ বন্ধ করে দিচ্ছি। আপনি এর যোগ্য নন।”

এই পোস্ট সামনে আসতেই সমাজমাধ্যমে অনেকেই সেই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এক জন লিখেছেন, “ফ্যানপেজের অ্যাডমিনকে সম্মান জানাই।” আর এক জনের মন্তব্য, “খুব ভাল হয়েছে, ফ্যান পেজ বন্ধ করে দেওয়াই উচিত।”

তবে ক্যাটরিনা কাইফের অনেক অনুরাগী আবার তাঁর পাশেও দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, কোন বিষয় নিয়ে কথা বলবেন বা বলবেন না, সেটা সম্পূর্ণ ক্যাটরিনার ব্যক্তিগত সিদ্ধান্ত। অভিনেত্রীর এক অনুরাগী লিখেছেন, “আপনি যেমন গণতন্ত্রে বাস করেন, তিনিও করেন। আপনি যেমন নিজের ইচ্ছেমতো কোনও বিষয়কে সমর্থন করতে পারেন, তিনিও পারেন। তাঁর সিদ্ধান্তের জন্য যদি আপনি তাঁকে সমর্থন না-ও করেন, তা হলে সেটা আপনার অধিকার। কিন্তু এই নিয়ে কাউকে চাপ দেওয়া বা আবেগ দিয়ে প্রভাবিত করার চেষ্টা ঠিক নয়। তিনি প্রাপ্তবয়স্ক। কী ঠিক, কী ভুল, সেটা তিনি নিজেই বুঝতে পারেন।”

ইতিমধ্যেই বলিউডের একাধিক তারকা প্রকাশ্যে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন শবানা আজ়মী, অরিজিৎ সিংহ, নসীরুদ্দীন শাহ, প্রীতি জ়িন্টা, রিতেশ দেশমুখ, সোনু সুদ, সোনাক্ষী সিন্‌হা, এবং প্রকাশ রাজ এবং আরও অনেকেই।

By Paromita